শেষ ষোলোয় কঠিন লড়াই, মুখোমুখি রিয়াল-সিটি ও পিএসজি-চেলসি

রিয়াল মাদ্রিদ ও পিএসজির মতো পরাশক্তিরা এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় সরাসরি উঠতে পারেনি। সে কারণে প্লে-অফে জিতে তাদের পরবর্তী রাউন্ডের টিকিট কাটতে হয়েছিল। শেষ ষোলোয়ও খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না রিয়াল-পিএসজি। আজ (শুক্রবার) চ্যাম্পিয়ন্স লিগের বাকি অংশের ড্র অনুষ্ঠিত হয়েছে। যেখানে শেষ ষোলোর সূচিতে রিয়ালের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি এবং পিএসজি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চেলসিকে।
সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের এই ড্র। যেখানে ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোর পাশাপাশি কোয়ার্টার, সেমিফাইনালের সম্ভাব্য ফিক্সচারও ঠিক হয়েছে। স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাও শেষ ষোলোর প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে। তবে এই রাউন্ডে নির্দিষ্ট দেশের একাধিক ক্লাব মুখোমুখি লড়াইয়ে পড়েনি। এই ধারা ভেঙে যেতে পারে কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়ন্স লিগ আর রিয়াল-ম্যানসিটি’র দ্বৈরথ যেন অবিচ্ছেদ্য বিষয়। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো তারা ইউরোপসেরা হওয়ার প্রতিযোগিতায় মুখোমুখি হতে যাচ্ছে। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের নকআউট প্লে-অফে মুখোমুখি হয়েছিল রিয়াল-সিটি। এ ছাড়া পিএসজি-চেলসির দ্বৈরথও বেশ পরিচিত। দুই দল সর্বশেষ ফিফা ক্লাব বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে তিনবার নকআউটে ম্যাচ পড়েছিল পিএসজি-চেলসির।

শেষ ষোলোর ড্র–তে বাকিরা তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুল তুর্কি ক্লাব গালাতাসারেই’র বিপক্ষে, আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল ও জার্মানির লেভারকুসেন, জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইতালির আটালান্টা, অ্যাতলেটিকো মাদ্রিদ ও টটেনহ্যাম হটস্পার এবং অভিষেক আসরে চমক দেখানো নরওয়ের বোডো/গ্লিমট লড়বে স্পোর্টিং সিপির সঙ্গে।
শেষ ষোলোর দুটি রাউন্ড যথাক্রমে ১০-১১ মার্চ এবং ১৭-১৮ মার্চ, কোয়ার্টার ফাইনাল ৭-৮ এপ্রিল ও ১৪-১৫ এপ্রিল, সেমিফাইনাল ২৮-২৯ এপ্রিল ও ৫-৬ মে এবং ফাইনাল ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।
চ্যাম্পিয়ন্স লিগ নকআউট ফিক্সচার
শেষ ষোলো
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি
বোডো/গ্লিম্ট বনাম স্পোর্টিং
পিএসজি বনাম চেলসি
নিউক্যাসল ইউনাইটেড বনাম বার্সেলোনা
গালাতাসারেই বনাম লিভারপুল
অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম টটেনহ্যাম হটস্পার
আটালান্টা বনাম বায়ার্ন মিউনিখ
বায়ার লেভারকুসেন বনাম আর্সেনাল
কোয়ার্টার-ফাইনাল
কোয়ার্টার-ফাইনাল ১ : পিএসজি/চেলসি বনাম গালাতাসারেই/লিভারপুল
কোয়ার্টার-ফাইনাল ২ : রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার সিটি বনাম আটালান্টা/বায়ার্ন মিউনিখ
কোয়ার্টার-ফাইনাল ৩ : নিউক্যাসল ইউনাইটেড/বায়ার্ন বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ/টটেনহ্যাম হটস্পার
কোয়ার্টার-ফাইনাল ৪ : বোডো গ্লিম্ট/স্পোর্টিং বনাম বায়ার লেভারকুসেন/আর্সেনাল
সেমিফাইনাল
সেমিফাইনাল ১: কোয়ার্টার-ফাইনাল ১ বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ২ বিজয়ী
সেমিফাইনাল ২: কোয়ার্টার-ফাইনাল ৩ বিজয়ী বনাম কোয়ার্টার-ফাইনাল ৪ বিজয়ী
ফাইনাল : ৩০ মে
এএইচএস