ইংলিশ লিগ একাই আয় করে ইউরোপের সম্মিলিত ৪ লিগের প্রায় সমান!

ক্লাব ফুটবলের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট ইংলিশ প্রিমিয়ার লিগ। স্বাভাবিকভাবে লিগটির ম্যাচকেন্দ্রিক প্রচারণাও ইউরোপের অপরাপর প্রতিযোগিতার চেয়ে বেশি থাকে। টেলিভিশন আয়ে অবিশ্বাস্যভাবে ইউরোপের বাকি ক্লাব ফুটবলের সম্মিলিত রাজস্ব আয়ের প্রায় সমান বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ডের এই লিগের। এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।
২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত এক দশকে ইংলিশ ক্লাবগুলোর টিভি থেকে আয় ১.৫ বিলিয়ন ইউরো (১.৭৭ বিলিয়ন ডলার) বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ইউরোপের বাকি ৫৩টি দেশের শীর্ষ লিগগুলোর ক্লাবগুলোর সম্মিলিত টিভি আয় বেড়েছে ১.৬ বিলিয়ন ইউরো (১.৮৯ বিলিয়ন ডলার)। এতে ইউরোপীয় ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক আধিপত্য স্পষ্ট হয়ে উঠেছে।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলমান ২০২৫-২৬ মৌসুমের শেষ ষোলোতে সরাসরি জায়গা করে নেওয়া আট দলের মধ্যে পাঁচটি ক্লাবই ইংল্যান্ডের। এরপর টুর্নামেন্টের প্লে-অফ কারাবাগকে দুই লেগ মিলিয়ে ৯-৩ অ্যাগ্রিগেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড। অর্থাৎ এবারের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয় ইংল্যান্ডের ছয়টি ক্লাব উঠেছে।
উয়েফার ‘ইউরোপিয়ান ক্লাব ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ’ প্রতিবেদনে ইউরোপজুড়ে মোট আয় বৃদ্ধির বৈষম্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। যেখানে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট আয় বেড়েছে ৩.৫ বিলিয়ন ইউরো (৪.১৩ বিলিয়ন ডলার), সেখানে ইউরোপের অন্য চার বৃহৎ লিগ ফ্রান্স-জার্মানি-ইতালি ও স্পেনের ৭৬টি ক্লাবের সম্মিলিত আয় বেড়েছে ৫.৯ বিলিয়ন ইউরো (৬.৯৭ বিলিয়ন ডলার)।
এএইচএস