ইংল্যান্ডের জয়ে টিকে রইল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ইংল্যান্ড। আর ইংলিশদের এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠার স্বপ্ন এখনও বেঁচে রইল পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানের। সেই সঙ্গে মিলাতে হবে নেট রানরেটের হিসাব।
গ্রুপ-২ তে ৩ ম্যাচের তিনটিতেই জিতে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। এদিকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান পাকিস্তানের। আর কোনো পয়েন্ট অর্জন করতে না পারা জিম্বাবুয়ে তলানিতে রয়েছে।
এই গ্রুপের আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়ায় এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য নিতান্তই নিয়মরক্ষার। তবে ম্যাচটি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ ৩ পয়েন্ট অর্জন করতে পারবে পাকিস্তান। এমতাবস্থায় নিউজিল্যান্ডকে টপকাতে না পারলেও দুদলের পয়েন্ট হবে সমান। সেমিতে উঠতে হলে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে পাকিস্তানকে।
সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টি বাগড়ায় ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হলে দুদলই একটি করে পয়েন্ট পায়। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় পাক বাহিনী। কিন্তু ইংলিশ কাছে জিততে পারেনি তারা। হেরেছে ২ উইকেটে।
এমএমএম/