এশিয়া কাপ শুরু আগামীকাল, ঐতিহাসিক রোমাঞ্চের অপেক্ষায় বাংলাদেশ

আগামীকাল ১ মার্চ থেকে শুরু হচ্ছে নারী এশিয়া কাপ। পার্থে উদ্বোধনী ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন। বাংলাদেশের এশিয়া কাপে অভিষেক হবে দুদিন পর ৩ মার্চ। সেদিন সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে চীনের বিপক্ষে খেলবে বাংলার মেয়েরা।
বাংলাদেশের ফুটবল ইতিহাস, ঐতিহ্য ও উন্মাদনা অনেক পুরোনো। এরপরও এশিয়া কাপে মাত্র একবারই খেলেছিল পুরুষ দল সেই ১৯৮০ সালে। ৪৬ বছর পর নারী ফুটবল দল প্রথম বারের মতো এশিয়া কাপ খেলবে। ইতিহাসের সামনে থেকে তাই বেশ রোমাঞ্চিত বাংলাদেশের ফুটবলাররা।
বাংলাদেশের অন্যতম সিনিয়র ফুটবলার শিউলি আজিম। নারী ফুটবল দলের দীর্ঘদিনের সঙ্গী তিনি। এশিয়া কাপের আর মাত্র দুই দিন বাকি। তাই বেশ রোমাঞ্চিত শিউলি, 'আমরা আমাদের সর্বোচ্চ প্রিপারেশন যেটা সেটা শেষ করেছি। আমরা আশা করছি আমাদের সর্বোচ্চটাই আমরা দিতে পারব, ইনশাআল্লাহ।'
বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াডে ২৬ জন ফুটবলার। সবারই ইচ্ছে এশিয়া কাপে অভিষেক হওয়ার। জুনিয়র দলে ভালো পারফরম্যান্স করা সুরভি আকন্দ প্রীতি নিজের এশিয়া কাপ অভিষেকের জন্য মুখিয়ে আছেন, 'যদি আমি খেলার সুযোগ পাই তবে সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আর এই প্রথমবার বাংলাদেশ এত একটা বড় মঞ্চে আসছে তো এটা ভালো লাগছে।'
বাংলাদেশ দলের প্রতিপক্ষ একাধিকবার চ্যাম্পিয়ন হওয়া উত্তর কোরিয়া, চীন। এদের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি হওয়া দরকার ছিল আরো জোরালো। নানা বাস্তবতা, সীমাবদ্ধতায় তা আর হয়নি। এ নিয়ে আজ জুবিলি স্টেডিয়ামে শিউলিকে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, 'আমরা এখানে আসার পরেও একটা প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেখানেও আমাদের যে ঘাটতিগুলো ছিল, যে মিস্টেকগুলো ছিল, সেগুলো নিয়ে আমাদের কোচ কাজ করেছেন। আমরা কোন জায়গায় আছি সেটাও উনাদের সাথে খেলে বোঝা গেছে, তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল এশিয়ান লেভেলে তারা খেলে। সো ওরকম একটা টিমের সাথেই আমরা প্র্যাকটিস করেছি এবং আমাদের অবস্থানটা আমরা বুঝতে পেরেছি।'

অস্ট্রেলিয়া ফুটবলে এশিয়ার হয়ে খেললেও ভৌগোলিকভাবে আলাদা মহাদেশ। অস্ট্রেলিয়া প্রায় এক সপ্তাহ থেকে কেমন লাগছে? এর উত্তরে শিউলি বলেন, 'ওভারঅল সবকিছুই ভালো, স্পেশালি পিচ। এটা আসলে বলে বোঝানো যাবে না। মাঠগুলো আসলে অনেক অনেক ভালো। এরকম যদি আমাদের দেশেও থাকত তাহলে আরও ভালো লাগত, আমরা আরও প্রিপারেশন নিতে পারতাম।'
বাংলাদেশ দলের নিয়মিত ফিজিও অসুস্থতায় অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। তাই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ান ইশান জামানকে এই টুর্নামেন্টের জন্য ফিজিও হিসেবে নিয়েছে বাফুফে৷ নতুন ফিজিও নিয়ে শিউলি বলেন, 'আসলে আমাদের যে আগের ফিজিওর ব্যাপারটা, এটা আসলে আনফরচুনেট কারণ আসার একদিন কি দুই দিন আগেই আমাদের ফিজিও সিক (অসুস্থ) হয়ে যান। উনার একটা অপারেশন হয়েছে যার কারণে উনি আসতে পারেননি। বাট এটা আমাদের প্রবলেম হয়নি কারণ ট্যাপিং বা যেগুলো আছে এগুলো আসলে আমরা করতে করতে অনেকটাই নিজেরাও শিখে গেছি, ওগুলো আমরা নিজেরাও কিছুটা করতে পারি। আর ওইভাবে আমরা আসলে ইনজুরড হইনি কেউ।'
এজেড/এইচজেএস