কোহলির ১২ বছরের অক্ষত রেকর্ড ভাঙলেন ফারহান

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে পাকিস্তান বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে। টস হেরে ব্যাটিংয়ে তারা। ওপেনিংয়ে ফখর জামানকে নিয়ে দারুণ শুরু করেছেন সাহিবজাদা ফারহান। ষষ্ঠ ওভারের প্রথম বলে বাউন্ডারি মেরে রেকর্ড গড়েছেন পাকিস্তানি ওপেনার।
শ্রীলঙ্কা অধিনায়কের প্রথম বলে শর্ট ফাইন দিয়ে চার মারেন ফারহান। তাতে বিরাট কোহলিকে পেছনে ফেলেছেন তিনি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের মালিক হলেন ফারহান।
কোহলি ৩১৯ রান করে এতদিন সবার উপরে ছিলেন। ২০১৪ সালে গড়া সেই রেকর্ড ভেঙে দিলেন ফারহান। ওই শটে তার রান দাঁড়ায় ৩২৩।
নবম ওভারে শানাকার প্রথম বলেই দুটি রান নিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফারহান। এক আসরে যৌথভাবে সর্বাধিক চার ফিফটি প্লাস রানে ম্যাথু হেইডেন (২০০৭), কোহলি (২০১৪ ও ২০২২), বাবর আজমের (২০২১) পাশে বসলেন তিনি। ৩২ বলে এবারের ফিফটি এসেছে তার। আর ২৭ বল খেলে পরের পঞ্চাশ পূরণ করেন ফারহান।
৫৯ বলে ৯ চার ও ৫ ছয়ে ফারহান প্রথম ক্রিকেটার হিসেবে এক আসরে দুটি সেঞ্চুরি করেন। তারপর শেষ ওভারের প্রথম বলে থামেন। ৬০ বলে ৯ চার ও ৫ ছয়ে ১০০ রানে আউট হন তিনি। জেনিথ লিয়ানাগে তার ক্যাচ নেন, বোলিংয়ে ছিলেন মাদুশাঙ্কা। চলতি আসরে ৬ ইনিংসে ৯৫.৭৫ গড়ে ৩৮৩ রান তার।
২৯ বছর বয়সী ডানহাতি ব্যাটার এর আগে পর্যন্ত দুটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি মেরেছেন। নামিবিয়ার বিপক্ষে অপরাজিত ১০০ রান তার সর্বোচ্চ। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ৬৩ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৩ রান করেছিলেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে আসে ৪৭ রান। ৬ ইনিংসে ৭৪ গড়ে ২৯৬ রান নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন এই ওপেনার।
এফএইচএম/