ইরান-ইসরায়েল সংঘাত : বিশ্বকাপ নিয়ে যা ভাবছে ফিফা

আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে মধ্যপ্রাচ্যের দেশ ইরানে সামরিক অভিযান শুরু করেছে। তারপর থেকে জুনের বৈশ্বিক ইভেন্ট নিয়ে অনিশ্চয়তা ওঠার পর ফিফা ইরানে ’পরিস্থিতি পর্যবেক্ষণ’ করতে শুরু করেছে। ইরান এই টুর্নামেন্টের টিকিট পেয়েছে এবং তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে খেলার কথা রয়েছে।
গত ডিসেম্বরে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে 'ফিফা শান্তি পুরস্কার' পাওয়া ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরুর ঘোষণা দিয়েছেন এবং এই অভিযানকে একটি 'বড় যুদ্ধ অভিযান' হিসেবে অভিহিত করেছেন।
ইরান এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) মাধ্যমে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং গ্রুপ 'জি'-তে বেলজিয়াম, নিউজিল্যান্ড ও মিশরের বিপক্ষে খেলার জন্য নির্ধারিত হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু করার ফলে ফিফা মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম বলেছেন যে পরিস্থিতি পর্যবেক্ষণ করা চালিয়ে যাবেন তারা।
শনিবার ওয়েলসের কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সাধারণ সভায় গ্রাফস্ট্রম বলেন, 'আমি আজ সকালে ইরান সম্পর্কে খবরটি সেভাবেই পড়েছি যেভাবে আপনারা পড়েছেন।’
'আজ আমাদের একটি বৈঠক ছিল এবং বিস্তারিত মন্তব্য করা এখনই ঠিক হবে না, তবে আমরা বিশ্বের চারপাশের সকল সমস্যার ওপর নজর রাখব। আমরা ওয়াশিংটনে ফাইনাল ড্র করেছি যেখানে সব দল অংশগ্রহণ করেছিল এবং আমাদের লক্ষ্য হলো সব দলের অংশগ্রহণে একটি নিরাপদ বিশ্বকাপ নিশ্চিত করা।'- বলেন তিনি।
এই কর্মকর্তা আরও বলেন, 'আমরা সবসময়ের মতো তিনটি আয়োজক দেশের সরকারের সাথে যোগাযোগ অব্যাহত রাখব যেমনটা আমরা যেকোনো ক্ষেত্রেই করি। সবাই নিরাপদ থাকবে।'
লস অ্যাঞ্জেলেসে ইরানের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং ২৬ জুন মিশরের বিপক্ষে ম্যাচটি সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এফএইচএম/