কষ্টের জয়ে আর্সেনালের সঙ্গে ম্যানসিটির ব্যবধান আরও ঘুচল

আন্তোয়ান সেমেনিওর প্রথমার্ধের গোলে লিডস ইউনাইটেডের মাঠে ম্যানচেস্টার সিটি ১-০ গোলে কষ্টের জয় পেয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে অর্জিত তিন পয়েন্টে শীর্ষ দল আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান ঘুচিয়েছে পেপ গার্দিওলার দল।
২৮তম রাউন্ডের খেলা শেষে ম্যানসিটির পয়েন্ট ৫৯। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ২ পয়েন্ট এগিয়ে আর্সেনাল (৬১)।
গত জানুয়ারিতে বোর্নমাউথ ছেড়ে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর থেকে গোলস্কোরিং ফর্ম ধরে রেখেছেন সেমেনিও।। প্রথমার্ধের বিরতির আগে স্টপেজ টাইমে বিরল সুযোগ পেয়ে জালের দেখা পান তিনি।
সিটির টানা চতুর্থ লিগ জয়ে চেলসির বিপক্ষে রোববারের ডার্বির আগে আর্সেনালের ওপর চাপ বাড়ল।
সেমেনিও বলেছেন, ‘আমাদের নিয়ন্ত্রণে যা আছে, আমাদের সেটাই করতে হবে। আমাদের ম্যাচ জিততে হবে এবং দেখতে হবে কী হয়।’
রেলিগেশন এড়ানোর লড়াইয়ে ড্যানিয়েল ফারকের দল শেষ ১৫ লিগ ম্যাচে মাত্র তৃতীয়বার হারল। ইলান রোডের ফ্লাডলাইটের নিচে বিরল পরাজয়ের স্বাদ পেল লিডস।
প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতা আর্লিং হালান্ড এদিন সিটির স্কোয়াডে ছিলেন না। ট্রেনিংয়ে ছোট চোট পেয়ে শৈশবের ক্লাবের বিপক্ষে খেলতে পারলেন না তিনি। হালান্ডের স্থলাভিষিক্ত রায়ান শেরকি ছিল দলের একমাত্র পরিবর্তন।
গত নভেম্বরে আগের সূচিতে ইতিহাদ স্টেডিয়ামে ফিল ফডেনের স্টপেজ টাইমের গোলে হারার পর থেকে লিডস টিকে থাকার লড়াইয়ে দারুণ সাফল্য পেয়েছে। তারপর থেকে ১৪ লিগ ম্যাচে মাত্র দুটি হার দেখল তারা।
তৃতীয় মিনিটে এগিয়ে যেতে পারতো লিডস। ব্রেন্ডেন আরোনসনের চমৎকার ক্রসে ডমিনিক কালভার্ট-লেভিন গোলবার ঘেষে বল মারেন। সিটির মুসলিম খেলোয়াড়দের রোজা ভেঙে ইফতার করার সুযোগ দিতে ম্যাচের ১১তম মিনিটে খেলা বন্ধ করেন রেফারি। মাঠে ফিরে কালভার্ট-লেভিনের আরেকটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
সিটি গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা জেমস জাস্টিনের শট রুখে দেন। তারপর আরোনসন জেইডেন বোগলেসের ক্রস থেকে বল বারের পাশ দিয়ে মারেন।
হাফটাইমের ১৫ মিনিট আগে সিটি বল দখলে রেখে চাপ তৈরি করতে থাকে। লিডসের কাউন্টার অ্যাটাকে আরোনসনের সঙ্গে ওয়ান-অন-ওয়ানে দোনারুম্মা বল রুখে দেওয়ার পর সিটি প্রথম সুযোগ পায়। নিকো ও’রেইলির হেড সেভ করেন কার্ল ডারলো।
সিটি প্রথমার্ধের স্টপেজ টাইমে লিড নেয়। শেরকির থ্রু বল ধরে রায়ান আইত-নৌরি বাঁ দিক দিয়ে ঢুকে সেমেনিওকে ক্রস দেন। চার গজ দূর থেকে জাল কাঁপাতে সমস্যা হয়নি তার। সব প্রতিযোগিতা মিলে ১১ ম্যাচে সিটির হয়ে ষষ্ঠ গোল করেন সেমেনিও।
দ্বিতীয়ার্ধে লিডস ম্যাচে ফেরার চেষ্টা করে। শেষ মুহূর্তে কালভার্ট-লেভিনের শট ব্লক করেন ম্যাথেউস নুনেস। তারপর সিটি আবার ছন্দে ফেরে।
ডারলোর উড়ন্ত সেভে মার্ক গুয়েহির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। লিডস সর্বোচ্চ চেষ্টা করেছে সিটিকে আর পরিষ্কার সুযোগ না দিতে। শেষ দিকে স্বাগতিক ভক্তদের চেয়ার ছেড়ে উঠতে বাধ্য করে লিডস। বদলি নেমে জাকা বিজলের হেড অল্পের জন্য গোলবার ঘেষে গেলে উৎসব করা হয়নি তাদের। সিটি মৌসুমের ১৮তম লিগ জয়ে ম্যাচ শেষ করে।
এফএইচএম/