সেঞ্চুরিয়ান আকবর-জিসানকে নিয়ে যা বললেন আশরাফুল

রাজশাহী ও বগুড়ায় ওয়ানডে ফরম্যাটের বিসিএল চলমান। গতকাল (শনিবার) শেষ হয়েছে গ্রুপপর্বের খেলা। যেখানে ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পেয়েছেন তরুণ ওপেনার জিসান আলম। এর আগে আকবর আলিও সেঞ্চুরি করেছেন। পারফরম্যান্সে ধারাবাহিক হতে পারলে তারা নির্বাচকদের বিবেচনায় থাকবেন বলে মন্তব্য করেছেন কোচ মোহাম্মদ আশরাফুল।
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে আশরাফুল বলেন, ‘সবারই ফর্মে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। জিসান তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করল লিস্ট ‘এ’ ক্রিকেটে, অভিনন্দন তাকে। আকবরও অসাধারণ ব্যাটিং করেছেন। এভাবে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে থাকলে অবশ্যই নির্বাচকরা চিন্তাভাবনা করবেন।’
বিসিএলে খেলা ক্রিকেটারদের ভবিষ্যতে জাতীয় দলে দেখার সম্ভাবনাও জানান বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ‘যে ৬০ জন প্লেয়ার এই বিসিএলে খেলছেন সবারই সুযোগ আছে। কারণ আমাদের পরবর্তী দুই বছর প্রচুর টেস্ট ম্যাচ আছে, ওয়ানডে আছে, টি-টোয়েন্টি আছে। এই দুই বছরে আমাদের হয়তোবা অনেককে রোটেশন করে খেলাতে হতে পারে নির্বাচকদের।’
নাজমুল হোসেন শান্ত’র ফর্ম ধরে রাখা নিয়েও আশাবাদী আশরাফুল, ‘শান্ত আসলে জানে যে কীভাবে খেলতে হয়। সে ভালো রিদমেই আছে। আমরা বিপিএলেও দেখেছি যে প্রথম ম্যাচে ব্রিলিয়ান্ট হান্ড্রেড করেছিল। ভালো ছন্দে আছে। আশা করি ফাইনালে হয়তোবা ভালো ব্রিলিয়ান্ট একটা ইনিংস দেখব।’
এসএইচ/এএইচএস