সেমিফাইনালে কার বিপক্ষে লড়বে কোন দল

দেখতে দেখতে শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার এইট পর্ব। নিজ নিজ যোগ্যতায় সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। ফাইনালে উঠার লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়বে এই দলগুলো।
বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এক গ্রুপের চ্যাম্পিয়ন দল অন্য গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে। আর রানার্সআপ দল খেলবে চ্যাম্পিয়ন দলের বিপক্ষে। এক্ষেত্রে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে নিউজিল্যান্ডকে। আর গ্রুপ-২ তে চ্যাম্পিয়ন হওয়া ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী স্বাগতিক ভারত।
গ্রুপ-১ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। আর সুপার এইটের একদম শেষ ম্যাচ জিতে সেরা চারে জায়গা করে নেয় ভারত। সুপার এইটে তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত তারা। এদিকে ৩ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়ে ৪ পয়েন্ট সংগ্রহ করা ভারত হয়েছে গ্রুপ রানার্সআপ।
অন্য গ্রুপে সবকটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান তাদের। একই গ্রুপে মাত্র ৩ পয়েন্ট নিয়েই গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানও ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। কিন্তু নেট রানরেটে এগিয়ে আছে কিউইরাই।
আগামী ৪ মার্চ বুধবার অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। একদিন পর ওয়াংখেড়েতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। দুই ফাইনালিস্ট নিয়ে আগামী ৮ মার্চ অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনালটি।
এমএমএম/