আবার ম্যানইউর জয়ের নায়ক সেসকো

এতদিন সুপার সাব হয়ে নিজের চমৎকারিত্ব দেখিয়েছেন। প্রথমবার শুরুর একাদশে জায়গা পেয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন বেঞ্জামিন সেসকো। আবারো ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের নায়ক তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে ফেরার মিশনে বেশ ভালো অবস্থান নিলো ম্যানইউ। ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ জনের ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারিয়ে তিন নম্বরে তারা। ২৮ ম্যাচে অ্যাস্টন ভিলার সমান ৫১ পয়েন্ট মাইকেল ক্যারিকের দলের।
৬৫তম মিনিটে সেসকো বুলেট গতির হেডে জাল কাঁপান। শেষ সাত ম্যাচে এটি ছিল তার ষষ্ঠ গোল। এনিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার জয়সূচক গোল করেছেন তিনি। গত সোমবার তার গোলে এভারটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছিল ম্যানইউ।
সেসকো গোল করেন ব্রুনো ফের্নান্দেস পেনাল্টি থেকে সমতা ফেরানোর আট মিনিট পর। ম্যাক্সেন্স লাক্রোইক্স পেছন থেকে ম্যাথিউস কুনহাকে থেকে টেনে ধরলে শাস্তি পায় প্যালেস। দীর্ঘ ভিএআর পরীক্ষা করে পেনাল্টি দেন রেফারি, একইসঙ্গে ম্যাক্সেন্সকে মার্চিং অর্ডার দেন।
ম্যাক্সেন্স চতুর্থ মিনিটে গোল করে এগিয়ে দেন। তিনিই ৫৬ মিনিটে লাল কার্ড দেখে নায়ক থেকে খলনায়ক হয়ে যান।
ক্যারিক দায়িত্ব নেওয়ার পর ম্যানইউ সাত ম্যাচে ষষ্ঠ জয়ে তৃতীয় স্থানে উঠে গেল। অবশ্য শুক্রবার উলভসের বিপক্ষে অ্যাস্টন ভিলার বিস্ময়কর হারের সুবিধা তারা পেয়েছে।
এফএইচএম/