এশিয়া কাপের পর বিশ্বকাপেও ব্যর্থ, অধিনায়ক বদলাতে পারে আফগানিস্তান

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বল দলগুলোর গলার কাটা হয়ে উঠেছিল আফগানিস্তান। পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ে তারা সেমিফাইনালে খেলে। যে কারণে কেউ কেউ আফগানদের এশিয়ার দ্বিতীয় পরাশক্তি বলেও নিজেদের বিশ্লেষণে উল্লেখ করছিলেন। তবে সর্বশেষ বিশ্বকাপের পর থেকে কিছুটা ব্যাকফুটে পথে হাঁটা আফগানিস্তান সর্বশেষ এশিয়া কাপের পর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপপর্ব থেকে ছিটকে গেছে।
আফগানিস্তান সম্প্রতি ব্যর্থ হওয়া দুটি টুর্নামেন্টটি হয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে তাদের তুলনামূলক বেশি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী বিবেচনা করা হচ্ছিল। ফরম্যাটটিতে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন রশিদ খান। তবে বিশ্বকাপ অভিযান শেষে তার অধিনায়কত্বে থাকা নিয়ে নতুন করে ভাবছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিশ্বকাপের আগেই অবশ্য নিজেদের কোচিং প্যানেল আমুল পরিবর্তন এনেছিল দলটি। তবে তাদেরকেই আরও কিছুটা সময় দিতে আগ্রহী এসিবি, সেক্ষেত্রে অধিনায়কত্বেও নতুন কাউকে দেখা যেতে পারে।
ক্রিকবাজকে দেওয়া মন্তব্যে এসিবির প্রধান নির্বাহী (সিইও) নাসিব খান জানিয়েছেন, ‘আমরা দলের ভেতর কিছু সংস্কারের চিন্তা করছি। যদি আপনি ভবিষ্যতের জন্য দল গড়তে চান, পরিবর্তন অপরিহার্য। আমরা ইতোমধ্যে প্রধান কোচ (রিচার্ড পাইবাস), ব্যাটিং কোচ (টবি রেডফোর্ড) ও ট্রেইনার বদলেছি। একইভাবে দলের ভেতরও সমন্বয় আনা হবে। যদিও এখনও অধিনায়ক পাল্টানো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে কারণে এই মুহূর্তে এ নিয়ে কিছু বলতে পারব না।’
সাবেক ইংল্যান্ড তারকা জনাথন ট্রটের ছোঁয়ায় দারুণ পরিবর্তন এসেছিল আফগান ক্রিকেটে। রশিদ-নবিদের বড় সাফল্যই এসেছে তার অধীনে। তবে এই বিশ্বকাপের আগমুহূর্তে তাকে বিদায় করে আফগানরা, যদিও সেটি অনাকাঙ্ক্ষিত ছিল না। ক্রিকেট বোর্ডের সঙ্গে তার মতবিরোধের বিষয় আগেই প্রকাশ্যে এসেছিল, ফলে আগে-পরে তাকে বিদায় নিতেই হতো। তার জায়গায় বিশ্বকাপের আগে আফগানদের প্রধান কোচের দায়িত্ব নেন পাইবাস। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি মাসে (মার্চ) দুবাই ও শারজাহতে সাদা বলের সিরিজ খেলার কথা দলটির। যদিও বর্তমান যুদ্ধ-পরিস্থিতির ওপর সেই সিরিজ নির্ভর করছে।
এদিকে, ওই সিরিজের পরই আফগানিস্তানে গিয়ে নতুন কোচের সঙ্গে ২০২৭-২৮ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজাতে চায় এসিবি। সিইও নাসিব বলছেন, ‘শ্রীলঙ্কা সিরিজের পর তিনি (পাইবাস) আফগানিস্তানে আসবেন। আমরা এসপিসি’র সঙ্গে নতুন ম্যানেজমেন্টের পরিচয় করিয়ে দেওয়ার কথা ভাবছি। পাশাপাশি এখন থেকে ২০২৭ ও ২০২৮ বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া এবং ঘরোয়া প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক পর্যায়ের জন্য প্রতিভা তুলে আনতে চাই।’
আগামী জুনে ভারতের মাটিতে স্বাগতিকদের সঙ্গে সিরিজ রয়েছে আফগানিস্তানের। তার আগে শ্রীলঙ্কার জন্য প্রথমবারের মতো তারা দুবাইতে সিরিজের সূচি সাজায়। যদিও মধ্যপ্রাচ্যের অস্থিরতার সেটি এখন অনিশ্চিত। বোর্ড কর্মকর্তা নাসিবের ভাষ্য– ‘সিরিজের লজিস্টিকস ও অন্যান্য প্রস্তুতির লক্ষ্যে আমি দুবাইতে আছি। যদি পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে নিশ্চয়ই সেভাবে আগাব।’
এএইচএস