কোরিয়ার কাছে হেরে বাংলাদেশ বধের স্বপ্ন উজবেকিস্তানের

অস্ট্রেলিয়ার পার্থে ১ মার্চ নারী এশিয়া কাপ শুরু হয়েছে। গতকাল (সোমবার) খেলা হয়েছে গোল্ডকোস্টেও। আজ (মঙ্গলবার) সিডনিতে বি গ্রুপের খেলা আরম্ভ হয়েছে। দিনের প্রথম ম্যাচে কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে উত্তর কোরিয়া ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। বাংলাদেশ ঘণ্টা তিনেক পর একই ভেন্যুতে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে খেলবে।
চীন বর্তমান চ্যাম্পিয়ন হলেও র্যাংকিংয়ে বাংলাদেশের গ্রুপের শীর্ষ দল উত্তর কোরিয়া। মাঠেও তারা শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ৪১ মিনিটের মধ্যে তিন গোল করেছে। উজবেকিস্তানকে তারা হারাতে পারলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি হবে। তাই উজবেকিস্তান-উত্তর কোরিয়া ম্যাচের ওপর বিশেষ নজর ছিল বাংলাদেশের।
৯ মার্চ বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচ পার্থে। ওই ম্যাচটি দুই দলের জন্যই অলিখিত ফাইনাল। কারণ বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলেরই চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে জয়ের সম্ভাবনা একেবারেই নগণ্য। তাই নিজেদের মধ্যকার ম্যাচে জয়ী দলেরই তিন গ্রুপের মধ্যে সেরা দুই তৃতীয় দল হয়ে কোয়ার্টারে খেলার সম্ভাবনা থাকবে। তাই কোরিয়া ম্যাচে হারের পর উজবেকিস্তানের কোচ করতায়ানা কুলবায়াত বাংলাদেশ ম্যাচ নিয়েই স্বপ্ন দেখছেন, ‘আপনি যেমনটা বললেন তৃতীয় হয়েও কোয়ার্টারে যাওয়ার সুযোগ আছে। আমরা অবশ্যই সেটা হতে চাই। বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই আজ বাংলাদেশের ম্যাচের ওপর চোখ রাখব। তবে এখন আমাদের মনোযোগ পরবর্তী চীন ম্যাচ।’
বাংলাদেশের র্যাংকিং ১১২ আর উজবেকিস্তানের ৪৯। দুই দলের মধ্যে র্যাংকিংয়ের তফাত অনেক। এরপরও বাংলাদেশকে ছোট করে দেখছেন না উজবেকিস্তান কোচ, ‘র্যাংকিং কোনো বিষয় না। খেলোয়াড়দের পারফরম্যান্সই ফলাফল নির্ধারণ করে। আমার খেলোয়াড়দের ওপর আমি আত্মবিশ্বাসী।’
উজবেকিস্তান উত্তর কোরিয়ার ওপর দাপট দেখাতে পারেনি। ম্যাচের প্রায় সময় নিজেদের অর্ধে ডিফেন্স করেছে। তিন গোলের মধ্যে দুই গোলই খেয়েছে পেনাল্টিতে। ম্যাচের দশ মিনিটের মধ্যে মূল গোলরক্ষক ব্যথা পেয়ে মাঠ ছাড়ে।
উত্তর কোরিয়া বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল অনেক। এরপরও তিন গোলের বেশি দিতে পারেনি। বিশেষ করে শেষ ৪৯ মিনিট গোলশূন্য। উজবেকিস্তান বেশ নিচে গিয়ে ডিফেন্স করেছে। উত্তর কোরিয়ার পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। র্যাংকিংয়ে তুলনামূলকভাবে উজবেকিস্তানের চেয়েও অনেক বেশি পিছিয়ে। বাংলাদেশ ম্যাচেও কি এত রক্ষণাত্মক প্রতিরোধের জন্য প্রস্তত উত্তর কোরিয়া? কোচ রি সং হো বলেন, ‘আমরা স্কোর করতে চাই। বাংলাদেশ ম্যাচে ট্যাকটিসের উন্নতি করব।’
এজেড/এফএইচএম