বিশ্বকাপে সেমিফাইনালে ভারতকেই চেয়েছিলেন ব্রুক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল যেন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলতি আসরে দুই দল মুখোমুখি হচ্ছে শিরোপার লড়াই নিশ্চিত করতে। মুম্বাইয়ে টানা তৃতীয় আসরের সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তারা সূর্যকুমার যাদবদের বিপক্ষেই খেলতে চেয়েছিলেন।
গত দুই সেমিফাইনালে ইংল্যান্ড ও ভারত একবার করে জিতেছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের লড়াইয়ে জানা যাবে, সেমিফাইনাল লড়াইয়ে কোন দল এগিয়ে থাকবে। কাকতালীয় ব্যাপার, এই দুই দলের মধ্যকার গত দুটি সেমিফাইনাল জয়ী দলই শেষ পর্যন্ত ট্রফি জিতেছে। ২০২২ সালে ইংল্যান্ড শেষ চারে ভারতকে হারানোর পর ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে। আর দুইবার ট্রফি জেতা ইংলিশদের বিপক্ষে সবশেষ আসরের সেমিফাইনালে জয়ের পর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
ম্যাচের আগে স্কাই স্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুক বলেন, ‘আমরা তৈরি। শুনছি দলের অনেকেই বলছে, ওরা (ইংল্যান্ড) ভারতের বিপক্ষে খেলতে চাইছিল। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম আমরা। দারুণ একটা ম্যাচ হবে। দুই দলের ওপরেই প্রচণ্ড চাপ থাকবে।’
ওয়াংখেড়ে স্টেডিয়ামে যে ইংল্যান্ড খুব একটা সমর্থন পাবে না, সেটা জেনেই নিজেদের তৈরি করছেন ব্রুক। ইংরেজ অধিনায়ক বলেন, ‘ভারত অবশ্যই অনেক বেশি সমর্থন পাবে। বিদেশের মাঠেই ওরা এত সমর্থন পায়, তো দেশের মাটিতে তো পাবেই। আমরা জানি, আমাদের হয়ে চিৎকার করার জন্য খুব বেশি লোক থাকবে না। তার মধ্যেই আমাদের ভালো খেলতে হবে। তার জন্য আমরা তৈরি।’
এফএইচএম/