বাংলাদেশ সফরের আগে পাকিস্তান টিম ম্যানেজমেন্টে বড় পরিবর্তন

আইসিসি ইভেন্টে শোচনীয় পারফরম্যান্সের পর বড়সড় পরিবর্তনের ঐতিহ্য পাকিস্তানের ক্রিকেটে চলছে বহুদিন ধরে। তারই ধারাবাহিকতায় চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগে বিদায়ের পর টিম সেটআপে বদল আসছে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ হতে যাচ্ছেন। ২০২৫ সালের ডিসেম্বরে অন্তর্বর্তী কোচ আজহার মাহমুদের বিদায়ের পর থেকে পদটি শূন্য পড়ে আছে।
সরফরাজ বর্তমানে পাকিস্তান শাহিন্সের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে আছেন। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সাদা বলের সিরিজ চলছিল তাদের। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সফরের বাকি সূচি স্থগিত করে। তাদের দেশে ফেরার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহিন্সের সূচিতে ব্যাঘাত ঘটলেও ধারণা করা হচ্ছে, আসন্ন বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হবেন সরফরাজ। সম্প্রতি তার কোচিংয়ে অনূর্ধ্ব-১৯ দল এশিয়া কাপ জেতে পাকিস্তান। ডিসেম্বরে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয় পায় তারা। ওই টুর্নামেন্টে সরফরাজের নেতৃত্ব পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির নজর কাড়ে। ভক্তরাও সিনিয়রদের কোচিং স্টাফ দলে তাকে যুক্ত করার জোর দাবি জানায়।
বাংলাদেশ আগামী ৮ ও ১৬ মের দুটি টেস্টে পাকিস্তানকে স্বাগত জানাবে। এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
সরফরার শেষবার পাকিস্তানের হয়ে টেস্ট খেলেছেন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার সাফল্যের ঝুলিতে আছে ২০১৭ সালের ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। ৫৪ টেস্ট খেলা সরফরাজ পাকিস্তানকে সবশেষ আইসিসি ট্রফি জয়ে নেতৃত্ব দেন। সেবার ফাইনালে ভারতকে হারায় তারা। কিন্তু সিনিয়রদের টেস্ট দলের হেড কোচ হওয়া তার জন্য যে কঠিন চ্যালেঞ্জের হবে, সেটা না বললেও চলে।
এফএইচএম/