বাবর-সাইমকে বাদ দেওয়ার ব্যাখ্যা চাইলেন আমির

বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে বাবর আজম ও সাইম আইয়ুবকে না রাখার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সেই সঙ্গে নির্বাচকদের কাছে এই দুই ক্রিকেটারকে বাদ দেওয়ার সিদ্ধান্তের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি।
পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের বিশেষ অনুষ্ঠান ‘হারনা মানা হে’–এ আমির বলেন, ‘‘দল নির্বাচনের ক্ষেত্রে পরিষ্কার বার্তা দেওয়া জরুরি। সাইম ও বাবরকে কি টি-টোয়েন্টির পারফরম্যান্সের কারণে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে, নাকি শুধু বিশ্রাম দেওয়া হয়েছে। প্রথমে এই প্রশ্নের উত্তর দরকার।’’
তিনি আরও বলেন, ‘‘যদি পারফরম্যান্সের কারণে কোনো খেলোয়াড়কে বাদ দেওয়া হয়, তাহলে দলে ফেরার পথও স্পষ্ট করে দেওয়া উচিত নির্বাচকদের। এতে খেলোয়াড়রা বুঝতে পারবেন কীভাবে আবার জাতীয় দলে জায়গা ফিরে পেতে হবে।’’
আমিরের মতে, বাবর আজমের মতো একজন অভিজ্ঞ ব্যাটারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্রিকেট মহলে প্রশ্ন উঠতেই পারে। কারণ তিনি দীর্ঘদিন পাকিস্তানের ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন। অন্যদিকে তরুণ ব্যাটার সাইম আইয়ুবও সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন। তাই তাদের বাদ দেওয়ার পেছনে নির্বাচকদের পরিকল্পনা কী, তা স্পষ্ট করা দরকার বলেই মনে করেন আমির।
এমএমএম/