মেসি-রোনালদো-পেলের প্রশংসায় ট্রাম্প, ভুলেই গেলেন ম্যারাডোনাকে

ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে আলোচনা করতে গিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার নামই উচ্চারণ করেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরং তিনি প্রশংসা করেছেন সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের।
সম্প্রতি মেসি ও তার ক্লাবের সদস্যরা হোয়াইট হাউস সফরে গেলে ট্রাম্প আর্জেন্টাইন সুপারস্টারকে অভিনন্দন জানান। সেখানে মেসির সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, “লিও, তুমি এসেছ এবং জিতেছো- এটা খুব কঠিন কাজ। অনেকেই জয়ের প্রত্যাশা করে, কিন্তু বাস্তবে খুব কম মানুষই তা করতে পারে।”
মেসির সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প আরও বলেন, তার ছেলে ফুটবলের বড় ভক্ত এবং বিশেষ করে মেসি ও রোনালদোকে খুব পছন্দ করে। রোনালদোকে তিনি “অসাধারণ খেলোয়াড়” বলে উল্লেখ করেন এবং বলেন, দুজনই নিজেদের খেলায় দুর্দান্ত চ্যাম্পিয়ন।
এর আগেও রোনালদোর প্রশংসা করেছেন ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে তিনি পর্তুগিজ তারকাকে সর্বকালের সেরাদের একজন বলে মন্তব্য করেন। অন্যদিকে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে ব্রাজিল কিংবদন্তি পেলের স্মৃতিও তুলে ধরেন তিনি। ট্রাম্প বলেন, তরুণ বয়সে তিনি নিউইয়র্কে পেলের খেলা দেখতে গিয়েছিলেন, যখন নিউইয়র্ক কসমোসের হয়ে খেলতেন পেলে। সেই সময় স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে পেলের খেলা তাকে মুগ্ধ করেছিল বলেও জানান তিনি।
তবে এত আলোচনার মধ্যেও কোথাও ম্যারাডোনার নাম আসেনি ট্রাম্পের মুখে। ফুটবল ইতিহাসে মেসি, রোনালদো ও পেলের পাশাপাশি ম্যারাডোনাও সর্বকালের সেরা খেলোয়াড়দের বিতর্কে নিয়মিত আলোচিত নাম।
এমএমএম/