স্যামসনকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন অশ্বিন

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম পারফর্মার সাঞ্জু স্যামসন। সর্বশেষ দুই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেললেও উভয় ম্যাচেই অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। তাই রবিচন্দ্রন অশ্বিনের করা ভবিষ্যদ্বাণী আর সত্যি হচ্ছে না।
ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে স্যামসন করেছেন ৪২ বলে ৮৯ রান। এর আগে কোয়ার্টার-ফাইনালে পরিণত হওয়া সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৫০ বলে অপরাজিত ৯৭।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে স্যামসন তিনটি সেঞ্চুরি হাঁকাবেন বলে ধারণা করেছিলেন অশ্বিন। সেটা সত্যি না হলেও স্যামসন তার ব্যাটিং দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। সেমিতে ম্যাচসেরা হওয়া এই ওপেনারের কাছ থেকে ফাইনালেও বড় ইনিংস চান অশ্বিন।
তিনি বলেন, 'আগে আমি বলেছিলাম যে, এবারের বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করবে স্যামসন। এক ম্যাচে সে অপরাজিত ৯৭ করেছে, পরেরটিতে ৮৯। এখন আমার মনে হয়, একটি সেঞ্চুরি করলেই যথেষ্ট!'
ম্যাট হেনরি-মিচেল স্যান্টনারদের বিপক্ষে স্যামসন ভালো করবে বলে মনে করেন অশ্বিন। তিনি বলেন, 'নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং মিচেল স্যান্টনার, ম্যাট হেনরির সামনে খুব ভালো দ্বিপাক্ষিক সিরিজ কাটাতে পারেনি সে। তবে জফরা আর্চারের জবাব যেভাবে সে বের করেছে, সেভাবে যদি ম্যাট হেনরির জবাবও খুঁজে পায়, তাহলে তাকে থামানোর কেউ নেই। আমরা চোখধাঁধানো এক শেষের অপেক্ষায় আছি এবং আশা করি সে পারবে।'
এইচজেএস