পার্থে ‘ইদুর-বিড়াল’ লড়াই : বাটলারের নির্লিপ্ত বার্তা

পার্থে ভোরের আলো ফোটার পর থেকেই রোদের তীব্রতা শুরু। আগামীকাল পার্থ র্যাকটেঙ্গুলার স্টেডিয়ামে নারী এশিয়ান কাপে বাংলাদেশ ও উজবেকিস্তানের ম্যাচটি ঘিরেও বেশ তীব্র উত্তেজনা ছড়াচ্ছে। যারা জিতবে তাদের সামনে কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ। তাতে ২০২৮ অলিম্পিক বাছাই ও ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ খেলার সম্ভাবনার দুয়ারও খুলে যাবে। এমন সুযোগের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার খানিকটা নির্লিপ্তই।
বাংলাদেশ এশিয়া কাপে এসেছে ৫৫ নম্বর র্যাংকিংধারী মিয়ানমারকে তাদের মাঠে হারিয়ে। উজবেকিস্তানের র্যাংকিং এখন ৪৯। এই উজবেকিস্তান এশিয়ান কাপ বাছাইয়ে এসেছে নেপালের সঙ্গে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে। তাদেরকে বাস্তবিকভাবে বাংলাদেশ হারাতে পারে কি? এমন প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘আমি মনে করি এটি খুব ভালো একটি পর্যবেক্ষণ। উজবেকিস্তান খুবই শক্তিশালী এবং সামর্থ্যবান অ্যাথলেট আছে। তাদের খেলার একটি নির্দিষ্ট ধরন আছে। তবে আমার মনে হয় আমাদের কারিগরী দক্ষতা ও বল দখলে রাখার ক্ষমতা তাদের সমস্যায় ফেলতে পারে। আমাদের সাহসী ও নির্ভীক হতে হবে।’
বাংলাদেশ এই ম্যাচটি জিতলে অনেক সম্ভাবনার সামনে দাঁড়াবে। এটি খেলোয়াড় কিংবা কোচদের জন্য চাপ কিনা, এমন প্রশ্নে বাটলারের উত্তর, ‘আমি মনে করি আমরা যেভাবে খেলার চেষ্টা করছি, সে বিষয়ে আমাদের ইতিবাচক থাকতে হবে। মেয়েরা ভুল করবে ঠিকই, কিন্তু তারা নতুন কিছু করার চেষ্টা করবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ তারা গেম প্ল্যান অনুযায়ী খেলছে এবং সবচেয়ে বড় কথা হলো, আমাদের কাজের ধরন বা নিয়মগুলো মেনে চলছে।’
বাংলাদেশের মতো উজবেকিস্তানও দুই ম্যাচ হেরেছে। দুই ম্যাচে বাংলাদেশ হজম করেছে ৭ গোল আর উজবেকিস্তান ৬। প্রতিপক্ষ নিয়ে বাংলাদেশ কোচের পর্যবেক্ষণ, ‘আমি জানি তারা যেভাবে খেলবে তার ওপর ভিত্তি করে এটি একটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। তারা কি রক্ষণাত্মক খেলবে নাকি আমাদের ওপর চাপ সৃষ্টি করবে? আমি জানি আমরা কী করব এবং আশা করি আমাদের প্রস্তুতির মাধ্যমে আমরা একটি ভালো মান বজায় রাখব।’
বাংলাদেশ নভেম্বরে ঢাকায় আজারবাইজানের বিপক্ষে খেলেছিল। আজারবাইজানের র্যাংকিং, খেলার ধরন ও খেলোয়াড়দের গড়ন অনেক কিছুর সঙ্গে উজবেকিস্তানের সামঞ্জস্যতা রয়েছে। ওই ম্যাচ আগামীকালের জন্য সহায়ক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাটলার বলেন, ‘আমার মনে হয় আগামীকালের ম্যাচটি ‘ইদুর-বিড়াল’ খেলার মতো হবে। আমরা যেভাবে খেলি তাতে তারা হয়তো কিছুটা সতর্ক থাকতে পারে। আমরা এমন দল নই যারা রক্ষণভাগ আগলে বসে থাকে, এটা আমাদের স্টাইল নয়।’
বাটলারের প্রেস কনফারেন্স মানেই কখনো তীর্যক মন্তব্য, আবার কখনো দার্শনিকভাষ্য। আগামীকাল বাংলাদেশের ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অন্য রকম বাটলারকেই যেন দেখা গেল। একেবারে সাধারণ মন্তব্য ও উত্তর দিয়ে সংবাদ সম্মেলন শেষ করেছেন।
এজেড/এফএইচএম