সেই সদ্যপুস্করিণীতে ‘ওমেন্স ফুটবল ডে’ উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুরে উৎসবমুখর পরিবেশে নারী ফুটবলারদের নিয়ে ‘ওমেন্স ফুটবল ডে’ উদযাপন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার সদ্যপুস্করিণী মিনি স্টেডিয়ামে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ওমেন্স ফুটবল ডে’র আয়োজন করা হয়।
রংপুরের পালিচড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রায় ১৩০ জন নারী খেলোয়াড় অংশগ্রহণ করেন। ক্লাবের বিভিন্ন বয়সের নারী ফুটবলারদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন অতিথিরা। নারী ফুটবলের প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন।
আয়োজনের শুরুতেই বয়সভিত্তিক খেলার উদ্বোধন করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও হেড অব ডেলিগেশন মঞ্জুর আহমেদ আজাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, 'রংপুরে প্রমিলা ফুটবলের আতুর ঘর হলো পালিচড়ার সদ্যপুস্করিণী। সেখানে এরকম আয়োজন আমাদের রংপুরকে গর্বিত করেছে। এই আয়োজনের মাধ্যমে এই অঞ্চলের প্রমিলা ফুটবল আরো এগিয়ে যাবে। কেননা আমাদের মূল লক্ষ্য হলো নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই ক্লাব ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করে যাচ্ছে।'
সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সিইও জহির আলম নয়ন বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে এই ক্লাবকে ঘিরে কাজ করে যাচ্ছি। এবারের লিগে আমাদের মেয়েরা ভালো পারফরম্যান্স করেছে। আগামী মৌসুমে আরও আধুনিক ও দক্ষ খেলোয়াড় নিয়ে দল গঠনের চেষ্টা থাকবে।'
সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফুটবল প্রশিক্ষক মিলন মিয়া বলেন, 'নারী ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তৃণমূল পর্যায়ের মেয়েদের নিয়ে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। আজকের আয়োজনটি নারী ফুটবলারদের জন্য একটি প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক পরিবেশ সৃষ্টি করেছে।'

ক্লাবের উপদেষ্টা হারুন উর রশিদ বলেন, 'আমরা মেয়েদের পাশে আছি এবং ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে ভবিষ্যতে শক্তিশালী খেলোয়াড়ের একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি হয়।'
অনুষ্ঠানেসদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাবের হেড কোচ শামীম খান মিসকিন, মিডিয়া অফিসার সানি, সহকারী কোচ রানু ও রংপুর মহানগর যুবদল সদস্য মামুন পারভেজ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সদ্যপুস্করিণী রংপুর সদরের একটি ইউনিয়ন। শহর থেকে ১৭ কিলোমিটার দূরে হলেও ইউনিয়নে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে ফুটবল। আর সেই জনপ্রিয়তা আসছে এখানকার ফুটবলকন্যাদের হাত ধরে। এই ক্লাব থেকে জাতীয় নারী ফুটবল দলসহ বিভিন্ন বয়সভিত্তিক দল ও ক্লাবে এখন পর্যন্ত খেলছেন ২৬ জন।
২০১১ সালে প্রথম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এ গ্রামের ৪০ জন কিশোরী ফুটবল খেলা শুরু করেন। ওই বছরই পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী ফুটবলাররা রংপুর বিভাগের হয়ে নেতৃত্ব দিয়ে রানার্স আপ হয়। পরের বছরই দেশসেরা ফুটবল দল হয় তারা। এরপর ধারাবাহিকভাবে ভালো খেলে এবং খেলোয়াড় তৈরির মধ্য দিয়ে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব সুনাম অর্জন করেছে।
ফরহাদুজ্জামান ফারুক/এইচজেএস