সতীর্থের জন্য ফাইনাল থেকে সরে দাঁড়ালেন জাম্পা

বিশ্বকাপ থেকে অপ্রত্যাশিতভাবে বিদায় নেওয়ার পর দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর দেশে ফিরেই ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের হয়ে ফাইনাল খেলার সুযোগ পেয়ে যান অজি স্পিনার অ্যাডাম জাম্পা। কিন্তু তরুণ স্পিনার তানভীর সাংঘার একাদশে জায়গা নিশ্চিত করতেই ফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিলেন তিনি।
তাসমানিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে খেলতে আগ্রহও দেখিয়েছিলেন জাম্পা। তবে হোবার্টের বেলারিভ ওভালের কন্ডিশনে দুই লেগস্পিনার একসঙ্গে খেলানো কঠিন হতে পারে। এমন ভাবনা থেকেই শেষ পর্যন্ত ভিন্ন সিদ্ধান্ত নেয় দল।
নিউ সাউথ ওয়েলসের পারফরম্যান্স প্রধান গ্রেগ মেইল জানান, শুরুতে জাম্পা খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি নিজেই তানভীর সাংঘার বিষয়টি বিবেচনায় আনেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন সাংঘা। পাশাপাশি এখনও নিজের বোলিং দক্ষতা আরও শান দিচ্ছেন তিনি। তাই জাম্পা চাননি তার দলে ফেরা সাংঘার সুযোগ কেড়ে নিক।
এ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে জাম্পা একটি ম্যাচ খেলেছেন। সেখানে সাংঘার সঙ্গেই জুটি বেঁধে লেগস্পিন আক্রমণ সামলান তিনি। তবে এবারের ওয়ানডে কাপে সাংঘা দুর্দান্ত ছন্দে আছেন। এখন পর্যন্ত ১৮ উইকেট নিয়েছেন তিনি, গড় ১৮.০৫।
ফাইনালে নিউ সাউথ ওয়েলসের পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন শন অ্যাবট ও বেন ডোয়ারশুইস। তবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অধিনায়ক জ্যাক এডওয়ার্ডস এখনও দলে ফিরতে পারছেন না।
ডিন জোন্স ট্রফির এই ফাইনালটি হওয়ার কথা ছিল ২৮ ফেব্রুয়ারি। তবে অস্ট্রেলিয়া নারী দলের ভারতের বিপক্ষে সিরিজের সূচির সঙ্গে সংঘর্ষ এড়াতে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।
এমএমএম/