‘বিদায় পাকিস্তান ক্রিকেট’ লিখে অবসরের ঘোষণা তরুণ ক্রিকেটারের

পাকিস্তানের ক্রিকেটে রাজনীতি, দুর্নীতি ও ঘরোয়া কাঠামোর দুর্বলতা নিয়ে ক্ষোভ উগরে দিলেন ২৪ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার। শুধু সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেই থামেননি শাহজাইব ভাট্টি। অবসরের ঘোষণাও দিয়েছেন তিনি।
২০২৪-২৫ মৌসুমের কায়েদ-এ-আজম ট্রফির ফাইনালে শিয়ালকোট অঞ্চলের হয়ে ৩২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শাহজাইব। হাড্ডাহাড্ডি লড়াইয়ের সেই ম্যাচে পেশোয়ার অঞ্চলের বিরুদ্ধে ১ রানে জয় পেয়েছিল ভাট্টির দল। ভাট্টির অভিযোগ, অজ্ঞাত কারণে ওই ম্যাচের পর আর খেলার সুযোগ দেওয়া হয়নি তাকে।
সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা দিয়ে ভাট্টি লিখেছেন, ‘বিদায় পাকিস্তান ক্রিকেট। বিদায় পাকিস্তান ক্রিকেট। ২৪ বছর বয়সেই আমি পাকিস্তানের ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হচ্ছি। গত বছর কায়েদ-এ-আজম ট্রফিজয়ী দলের অন্যতম সদস্য ছিলাম। টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছিল ফাইনাল। ওই ফাইনালের পর টানা প্রায় ৪০টি ম্যাচ আমাকে বসিয়ে রাখা হয়েছে। আমার একমাত্র স্বপ্ন পাকিস্তানের হয়ে খেলা। কিন্তু রাজনীতি, দুর্নীতি, পরিকাঠামোর অভাব আমার ক্রিকেটজীবনের ক্ষতি করছে। আমার মতো অনেককেই জানি, যারা পাকিস্তান ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। যাই হোক, আমিও বিদায় জানালাম।’’
দু’টি প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন ভাট্টি। একটি লিস্ট ‘এ’ ম্যাচ এবং কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। শিয়ালকোটের ভাট্টি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে তেমন পরিচিত মুখ না হলেও তার অভিযোগ ঘিরে শোরগোল তৈরি হয়েছে।
এফআই