৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো শুরু হচ্ছে আজ (মঙ্গলবার)। প্রথম দিনে চারটি ম্যাচ হলেও সব আলো যেন থাকবে সেন্ট জেমস পার্কে, সেখানে নিউক্যাসল ইউনাইটেড স্বাগত জানাবে বার্সেলোনাকে। এই ম্যাচ ঘিরে উত্তেজনা ছড়ানো স্বাভাবিক। গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে দুই দলের লড়াইয়ে ২-১ গোলের কষ্টের জয় পেয়েছিল কাতালানরা। তাই এবার বেশ সতর্ক হ্যান্সি ফ্লিকে দল।
নিউক্যাসল এই ম্যাচকে ঐতিহাসিক উপলক্ষ হিসেবে দেখছে। তাদের সামনে যে ইতিহাস গড়ার সুযোগ। কোচহ এডি হাওয়ে এই লড়াইকে ক্লাব ইতিহাসের ‘সবচেয়ে বড় খেলা’ হিসেবে বলছেন। আর মাত্র দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোতে খেলার সুযোগ পেয়ে ইতিহাস গড়ার অপেক্ষায় তারা। এজন্য অনুপ্রেরণা নিচ্ছে ৯৭-এর স্মৃতি থেকে।
প্লে অফ রাউন্ডে আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকে-র বিপক্ষে সহজ জয়ে লা লিগার শীর্ষ দলের বিপক্ষে লড়াই নিশ্চিত করেছে নিউক্যাসেল। এই বার্সার বিপক্ষে শেষ চার ম্যাচ খেলেই হেরেছে তারা। কিন্তু প্রথমবারের দেখায় চমকে দিয়েছিল নিউক্যাসল। ১৯৯৭ সালের সেই ম্যাচে ফস্তিনো এসপ্রিলার হ্যাটট্রিকে ৩-২ ব্যবধানে বার্সাকে হারিয়েছিল তারা।
কয়েক দশক ধরে ভুগলেও ২০২১ সাল থেকে বেশ ধারাবাহিক। সম্প্রতি প্রিমিয়ার লিগে ম্যানইউ-টটেনহামের মতো দলকে হারিয়েছে তারা। প্রায় তিন দশক আগের সেই সুখস্মৃতি এই দলকে ভালো কিছু করার আত্মবিশ্বাস যোগাচ্ছে। ক্লাবের ইউরোপিয়ান ইতিহাসে স্মরণীয় অধ্যায় লিখতে চায় তারা।
পাঁচবারের দেখায় ৪-১ এ এগিয়ে থাকলেও বার্সা কিন্তু মাটিতে পা রাখছে। কোচ হ্যান্সি ফ্লিক মনে করেন, বিশ্বের সেরা লিগের দল তাদের চ্যাম্পিয়ন্স লিগ আকাঙ্ক্ষার জন্য বড় হুমকি হতে পারে।
শেষ ষোলোতে এবার প্রিমিয়ার লিগের ছয় দল জায়গা পেয়েছে। ফ্লিক ইংল্যান্ডের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার উন্নতির কথা উল্লেখ করে বললেন, ‘প্রিমিয়ার লিগ হলো সেরা– আমার কাছে, এটা বিশ্বের সেরা লিগ এবং তাদের শক্তিশালী সব দল আছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের অনেক টাকা আছে সত্যি, কিন্তু তারা এটা করতে পেরেছে। পরের রাউন্ডে তাদের ছয়টি দল উঠে সেটা প্রমাণ করেছে।’
বড় দুটি দলকে হারালেও নিউক্যাসলের চলতি মৌসুমে ছন্দপতনের ঘটনাও আছে। ২৯ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ১২তম স্থানে তারা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে যে কোনো কিছু ঘটতে পারে বললেন লা লিগার শীর্ষ দলের কোচ, ‘চ্যাম্পিয়ন্স লিগ ভিন্ন। এই পর্যায়ে এখন যারাই খেলে তারা তাদের সেরাটা দেখাতে চায়। তাদের খেলোয়াড়রা অনেক ক্ষিপ্র এবং ভালো খেলোয়াড় আছে, আমাদের সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে।’
এছাড়া আজ রাতে লিভারপুল খেলবে গ্যালাতাসারেইর বিপক্ষে। ইস্তানবুলে এই ম্যাচের পর স্পেনে অ্যাতলেটিকো মাদ্রিদ স্বাগত জানাবে টটেনহামকে। আতালান্তা ইতালিতে ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের সঙ্গে খেলবে।
এফএইচএম/