ইফতারের জন্য ৪০ মিনিটের বিরতি

মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নাহিদ-মিরাজদের তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে গেছে সফরকারী পাকিস্তান।
জবাবে ১ উইকেট হারিয়ে ৪৩ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য আর প্রয়োজন ৭২।
সাধারণত ওয়ানডে ম্যাচে ৪০ মিনিটের ইনিংস ব্রেক থাকলেও এই সিরিজে ইনিংস ব্রেকে কিছু আইন করা হয়েছে। রোজার মাস হওয়ায় রোজাদার ক্রিকেটারদের জন্যই এটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এই ম্যাচের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল।
সাধারণত ওয়ানডে ম্যাচে দুই ইনিংসের মধ্যে ৪০ মিনিটের বিরতি দেওয়া হয়। তবে এদিন দেখা গেল ১০ মিনিট পরই দ্বিতীয় ইনিংস শুরু হলো। খোঁজ নিতে ম্যাচ রেফারির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এই সিরিজের কোনো ম্যাচে যদি বিকাল ৫টা ২৫ মিনিটের আগে প্রথম ইনিংস শেষ হয় তাহলে ১০ মিনিট পর দ্বিতীয় ইনিংস শুরু হবে। এরপর শেষ হলে নরমাল বিরতির মতো ৪০ মিনিট বিরতিই থাকবে।’
ক্রিকেটাররা সঠিক সময়ে নিয়ম মেনে রোজা ভেঙে ইফতার করতে পারেন তাদের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে জানান রাহুল, ‘মূলত যারা রোজা আছে তারা যেন নির্বিঘ্নে রোজা ভাংতে পারেন, ইফতার করতে পারেন সে কারণেই বিরতির এই নিয়ম করা হয়েছে।’
এসএইচ/এফআই