নাহিদ রানাকে নিয়ে যা বললেন পাকিস্তান অধিনায়ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরেছে পাকিস্তান দল। এদিন ৮ উইকেটের ব্যবধানে হারে শাহীন আফ্রিদির দল। বাংলাদেশের এই জয়ে বড় অবদান নাহিদ রানার। এই পেসার এদিন নজর কেড়েছেন সবার। এমনকি প্রতিপক্ষ অধিনায়কও তার প্রশংসা করেছেন।
মিরপুরের স্লো উইকেটে বরাবরই বাড়তি সুবিধা পান স্পিনাররা। স্পিন স্বর্গেই এবার রীতিমতো আগুন ঝরালেন নাহিদ রানা। তরুণ এই পেসারের গতি আর বাউন্সে চোখে সর্ষে ফুল দেখেছেন মোহাম্মদ রিজওয়ান-সালমান আগারা! সবমিলিয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে ফাইফার পেয়েছেন তিনি।
ম্যাচ শেষে নাহিদকে নিয়ে শাহীন আফ্রিদি বলেন, 'আমার মনে হয় আমরা শুরুটা ভালোই করেছিলাম। কিন্তু এরপর নাহিদ এসে আমাদের চাপে ফেলে দেয়। আমার মনে হয় আমরা বল হাতে সত্যিই ভালো করেছি। প্রথম ম্যাচে যে ধরনের শুরু আমরা চেয়েছিলাম, তা পাইনি। এটি একটি তরুণ দল, আর আমি শেষ পর্যন্ত এই দলটির ওপর আস্থা রাখব।'
দলের হার নিয়ে তিনি বলেন, 'আপনি যখন একটি ম্যাচ হারেন, তখন অনেক বিষয়ই তুলে ধরা যায়। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই পার্টনারশিপ খুবই গুরুত্বপূর্ণ। এখনও দুটি ম্যাচ বাকি আছে, আর আমরা এখন পরের ম্যাচটির দিকেই মনোযোগ দেব।'
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, 'প্রথম ১০ ওভারে আমরা কোনো উইকেট পাইনি, কিন্তু রানা যেভাবে বল করেছে, সে গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছে। প্রথম কয়েক ওভারে তাসকিন এবং ফিজও খুব ভালো বল করেছে। রানা বারবার সঠিক জায়গায় বল ফেলেছে, আমরা তাকে সেটাই বলেছিলাম। সে কন্ডিশন ও উইকেট বুঝে সেই অনুযায়ী নিজের লেংথ ঠিক করেছে।'
এসএইচ/এইচজেএস