শাহীন আফ্রিদিরা কোথায় হেরেছেন, জানালেন পাকিস্তানি কোচ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ধরাসায়ী পাকিস্তান। তবে এবার আর উইকেটের দোহাই দেননি পাকিস্তানি কোচ মাইক হেসন। দলের বাজে পারফরম্যান্সের বিষয়টি মেনে নিয়ে বাংলাদেশের জয়ের জন্য নাহিদ রানাকে কৃতিত্ব দিলেন তিনি। আজ বুধবার (১১ মার্চ) সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
দলের এমন হারের পর সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ‘উইকেট ভালো ছিল, আমার মতে এটা (উইকেট) ভালো আচরণ করেছে। নাহিদ রানা অসাধারণ ছিল। সে বোলিংয়ে আসার আগ পর্যন্ত আমরা ঠিকঠাকই এগোচ্ছিলাম। সে এসে খেলাটা বদলে দিয়েছে। নাহিদ উইকেট টু উইকেট বল করেছে, বোলিংয়ে বৈচিত্র্য ছিল এবং তার গতিতে এটাই প্রত্যাশিত। আমাদের যেমন জবাব দেয়ার কথা ছিল, সেটা দিতে পারিনি। তাই পুরোটাই নাহিদের কৃতিত্ব।’
পকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে ৫ উইকেট নিয়েছেন নাহিদ। তার প্রশংসায় হেসন বলেন, ‘আসলে প্রথমবার আমি তাকে লাইভ দেখলাম। টিভিতে অনেক দেখেছি। আমি মনে করি, সে খুব সুন্দরভাবে বোলিং করেছে, এমনকি ওয়ার্ম-আপেও। তার টাইমিং ভালো হচ্ছিল। সে কঠিনভাবে উইকেটে বল ঢোকায়, সিম উপস্থাপন করে, ক্রস-সিম করে। সে খুবই প্রতিশ্রুতিশীল বোলার। আমরা এমন পেসের মুখোমুখি হই সবসময়। তবে সে (নাহিদ) ভালো জায়গায় বল করেছে, আক্রমণাত্মক ছিল, ভালো বাউন্সার করেছে। সে যা পেয়েছে, তা তার প্রাপ্য। আমি মনে করি, সে খুব ভালো বোলিং করেছে।’
নিজের শিষ্যদের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে হেসন বলেন, ‘লজ্জা করে কোনো লাভ নেই, বলতেই হবে এটা খুব হতাশাজনক ব্যাটিং পারফরম্যান্স। শুধু তরুণরাই যে বাজে খেলেছে এমন নয়, ভালো বোলিংয়ের সামনে আমাদের দক্ষতাগুলো কাজে আসেনি এবং আমরা খোলসে আবৃত হয়ে গিয়েছিলাম। আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।’
ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানিয়ে হেসন বলেন, ‘তরুণদের শিখতে হবে এবং তাদের শেখার ও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আমরা চাই, তারা অভিষেকেই সেঞ্চুরি করে ফেলুক, কিন্তু আসলে তাদের কিছু কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। তাই পরের ম্যাচগুলোতে আমাদের ধৈর্য দেখাতে হবে এবং ভালোভাবে লড়াই করতে হবে। আজকের পারফরম্যান্স নিয়ে একটু ভাবতে হবে। আমরা খারাপ ছিলাম তা অস্বীকার করব না, ব্যাটিংয়ে আমরা খোলসে ঢুকে গিয়েছিলাম। শুধু তরুণরাই নয়, আমাদের সবাইকে দাঁড়াতে হবে এবং ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে সেটাই চেষ্টা থাকব।’
এসএইচ/এমএমএম