‘৩০ বছর বয়সেই অবসর নিতে পারে ভিনিসিয়ুস’

স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের সাথে চার মৌসুম কাটানো এডেন হ্যাজার্ড সম্প্রতি বেলজিয়ামের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হ্যাজার্ডের মতে, ভিনিসিয়ুসের ওপর মাঠের বাইরের যে মানসিক চাপ তৈরি করা হয়, তা সহ্য করা সাধারণ কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।
হ্যাজার্ড বলেন, ‘প্রতিটি ম্যাচের আগে তাকে এত কিছু মাথায় রাখতে হয় যে, মাঝেমধ্যে তার জন্য আমার বেশ কষ্টই হয়। সে জানে যে, তাকে গালিগালাজ বা বর্ণবাদের শিকার হতে হবে এবং এর বিপরীতে কোনো কঠোর শাস্তির ব্যবস্থাও নেই। এটা বহন করা বিশাল এক বোঝা।’
হ্যাজার্ডের মতে, বর্তমানে ভিনিসিয়ুস মাঠে কী দিচ্ছে, তার চেয়ে বেশি আলোচনা হয় মাঠের বাইরে সে কী করছে বা তাকে কী সহ্য করতে হচ্ছে তা নিয়ে। হ্যাজার্ড বলেন, ‘মানুষ ভুলে যাচ্ছে যে সে কতটা অসাধারণ একজন খেলোয়াড়। কেবল ফুটবল নিয়ে ভেবে মাঠে নামা ওর জন্য এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’
হ্যাজার্ড নিজেই ৩২ বছর বয়সে অবসর নিয়েছেন। ভিনির ক্ষেত্রে তিনি বলেন, ‘সে ৩০ বছর বয়সে অবসর নিতে পারে। আর যদি তাই হয়, আমি তাতে অবাক হব না। কারণ দিনের শেষে কিছুই পরিবর্তন হচ্ছে না।’
হ্যাজার্ড ভিনিসিয়ুসকে সাবধানে থাকার পরামর্শ দিয়ে বলেছেন, ‘আমি ওকে বলব- সাবধানে থাকো। যেভাবে খুশি খেলো, আনন্দ করো, দর্শকদের বিনোদিত করো। যখন নাচবে, এমনভাবে নাচো যেন মানুষ তোমাকে ভালোবাসে। রোনালদিনহোও নাচত, কিন্তু তার সময় তো এত গল্প তৈরি হতো না।’
এমএমএম/