পাকিস্তানি কোচ বললেন, আমরা এক্সপোজ হয়ে গিয়েছি

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই লেজেগোবরে করে ফেলেছে পাকিস্তান দল। কেননা প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানেই থেমে গিয়েছিল দলটির রান। দলের হয়ে কোনো ব্যাটারই পারেননি বড় রান করতে, কেবল মাত্র পেসার ফাহিম আশরাফ করেছিলেন ৩৭ রান।
ম্যাচ হারের পর দলটির প্রধান কোচ মাইক হেসন বলেন, ‘দেখুন- তরুণদেরকে তো শিখতেই হবে। পাশাপাশি তাদেরকে শেখার ও বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। আমরাও চাই, তারা মাঠে নামুক এবং অভিষেকেই সেঞ্চুরি করুক। কিন্তু বাস্তবতা কিছুটা ভিন্ন, কঠিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়। আগামী কয়েকদিন আমাদের মানসিক দৃঢ়তা দেখাতে হবে এবং পরের ম্যাচে ভালোভাবে লড়াই করতে হবে।’
ব্যাটিং পারফরম্যান্স নিয়ে পাকিস্তানের প্রধান কোচ বলেন, ‘দেখুন- এর (পারফরম্যান্সে কতটা হতাশ) উত্তরটা দেওয়া খুবই সহজ। ব্যাটিং পারফরম্যান্স নিয়ে আমি খুবই হতাশ। আমার মনে হয় না এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে। এটা শুধু তরুণ বলে হয়েছে এমনটা নয়। ভালো বোলিংয়ের সামনে আমরা পুরোপুরি এক্সপোজ হয়েছি। আমরা খানিকটা নিজেদের গুটিয়ে নিয়েছিলাম। দ্রুতই আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।
পরে নাহিদ রানাকে নিয়ে হেসন বলেন, ‘আমি এবারই প্রথম তাকে (নাহিদ) সরাসরি বোলিং করতে দেখলাম। টিভিতে আমি অনেকবারই তাকে বোলিং করতে দেখেছি। আমার মনে হয় ওয়ার্ম আপেও সে দারুণ বোলিং করেছে। দেখে মনে হচ্ছিল, তার টাইমিং খুব ভালো হচ্ছে। সে পিচে জোরে হিট করেছে। সিম পজিশন ভালো ছিল, আবার ক্রস সিমেও বল করেছে। আমার মনে হয় সে খুবই সম্ভাবনাময়ী একজন বোলার। আজকে ওয়ানডেতে ৫ উইকেট পেয়েছে, দারুণ ব্যাপার। সে যে স্বীকৃতি পাচ্ছে সে সেটার যোগ্য।’
এসএইচ/এমএমএম