ডেনিস লিলির ওয়াকা ও ট্রিনটি কলেজ

পার্থ মানেই বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের মনে ওয়াকা (ওয়েস্টার্ন ক্রিকেট এসোসিয়েশন) গ্রাউন্ড। বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানকে ওয়াকার বাউন্স ও গতি সামলাতে হিমশিম খেতে হয় ৷ নারী এশিয়ান কাপ ফুটবলের অন্যতম ভেন্যু পার্থ। বাংলাদেশ নারী দলের ম্যাচ কাভার করতে এসে ওয়াকা গ্রাউন্ডে এক চক্কর ঘোরা হয়েছে।
বাংলাদেশ নারী ফুটবল দল ৭ মার্চ দুপুরে পার্থ পৌঁছায়। ঐ সময় ওয়াকায় অস্ট্রেলিয়া নারী দল ভারতের নারী দলের সঙ্গে টেস্ট খেলছিল। ভারত দুই ইনিংসে দ্রুত অলআউট হওয়ায় তৃতীয় দিনের প্রথম সেশনের বেশি খেলা গড়ায়নি। ঐতিহাসিক ওয়াকায় টেস্ট দেখার সুযোগ দ্রুত খেলা শেষ হওয়া ও বাংলাদেশ দলের নিউজ ব্যস্ততায় আর হয়নি।
১০ মার্চ দুপুরের দিকে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহবুবর রহমান সেলিমের সঙ্গে ওয়াকায় যাওয়া হয়। অভ্যর্থনা কক্ষ পেরিয়ে ওয়াকায় প্রবেশের পরপরই চোখে পড়বে লিলি-মার্শ স্ট্যান্ড। পশ্চিম অস্ট্রেলিয়ার এই দুই কিংবদন্তি ক্রিকেটারকে একসঙ্গে স্মরণ করতেই স্ট্যান্ডের নামকরণ। সত্তর আশির দশকে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের স্কোরকার্ডে কট মার্শ বোল্ড ডেনিস লিলি খুবই কমন চিত্র। দুই জনের কম্বিনেশনে ৯৫ জন ব্যাটসম্যান আউট হয়েছেন। দুই বন্ধুর মধ্যে বিচিত্র মিলও রয়েছে। ডেনিস লিলির টেস্ট ক্রিকেটের উইকেটের সংখ্যা ৩৫৫ আর তার বন্ধু মার্শের টেস্ট ডিসমিসাল সংখ্যাও ৩৫৫ (৩৪৩ ক্যাচ ও ১২ স্ট্যাম্পিং)।
ওয়াকাজুড়ে নানা ক্রিকেটারের নানা কীর্তি। তবে সব ছাপিয়ে রডনি মার্শ ও ডেনিস লিলি। ওয়াকার উইকেট জন্মগত বাউন্স ও গতি। যেন ডেনিস লিলির প্রতিচ্ছবি। তাই ওয়াকা গ্রাউন্ড বলতেই লিলির ছবি ভেসে উঠে ক্রিকেটপ্রেমীদের মনে। মার্শ বছর চারেক আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ৭৬ বছর বয়সী লিলি পার্থেই থাকেন। ওয়াকায় কাজ করা অ্যালেন জানালেন লিলিই যেন ওয়াকা,‘লিলি ও ওয়াকা একে অপরের পরিপূরক। লিলি এখনো সময় পেলে ওয়াকায় আসেন। ওয়াকা তাকে আজীবন স্মরণ করবে। লিলি ও মার্শ মাঠ ও মাঠের বাইরে দারুণ বন্ধু। এজন্য একসঙ্গে দুই জনের নামে স্ট্যান্ড।’
পশ্চিম অস্ট্রেলিয়ার আরেকজন তারকা ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। ম্যাথু হেইডেন ও ল্যাঙ্গার প্রায় এক দশক অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনিং জুটি। ল্যাঙ্গারের নামেও রয়েছে একটি স্ট্যান্ড। ঐতিহাসিক ওয়াকায় ভেন্যু এখন আর অস্ট্রেলিয়ার পুরুষ ক্রিকেট ম্যাচ হয় না। নারী ও বয়সভিত্তিক ক্রিকেট হচ্ছে গত বছর চারেক যাবত।
ওয়াকার মধ্যে রয়েছে দারুণ ইনডোর ও আউটডোর ফ্যাসিলিটি। নারী ক্রিকেট দল ওয়াকা কমপ্লেক্সের মধ্যে আউটডোরে নেট প্র্যাকটিস করছিলেন। বাংলাদেশ দল যখন ঢাকার উদ্দেশ্যে পার্থ বিমানবন্দরে তখন ভারত নারী ক্রিকেট দলও পার্থ ছাড়ছিলেন। বাংলাদেশের ফুটবলাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে এক ফ্রেমবন্দী হয়েছেন।
ওয়াকা গ্রাউন্ডের সামনেই ট্রিনটি কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান হলেও যেন ক্রীড়াঙ্গনের কিংবদন্তিদের আতুড়ঘর। পুরো কলেজ চত্বরে এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের ছবি। যারা নানা খেলায় নানাভাবে কীর্তি গড়েছেন। অস্ট্রেলিয়ান সাবেক ক্রিকেটার সাইমন ক্যাটিচ, ফুটবলারসহ আরও অনেকের ছবি ও তাদের ক্যারিয়ারের সংক্ষিপ্ত বর্ণনা।
কয়েক একরজুড়ে ক্যাম্পাসের চার দিকে শুধু খেলাধুলার নানা ঘটনা। কলেজের হল অফ ফেমও রয়েছে। সেখানে রয়েছে অনেক কীর্তিমান। অস্ট্রেলিয়ায় স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্ব দেওয়া হয়।
এজেড/এফআই