পান্ডিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ, তদন্তের পর সিদ্ধান্ত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদযাপনে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর করার আবেদন জানিয়ে পুলিশের কাছে একটি অভিযোগপত্র জমা দিয়েছেন ওয়াজিদ খান নামের এক আইনজীবী।
ভারতের পুনের শিভাজি নগর পুলিশ স্টেশনে অভিযোগটি জমা দেন তিনি। অভিযোগে বলা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ের উদযাপনের সময় পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে ‘অশোভন আচরণ’ করেছেন।
বিজ্ঞাপন
আইনজীবীর দাবি, ভারতের ত্রিবর্ণ পতাকা জড়িয়ে এমন আচরণ করা দেশের আইনের লঙ্ঘন এবং জাতীয় পতাকার মর্যাদার অবমাননা। তাই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে পুলিশ জানিয়েছে, আপাতত শুধু অভিযোগপত্র জমা পড়েছে, এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে মাঠের পারফরম্যান্সে দারুণ ছিলেন পান্ডিয়া। পুরো টুর্নামেন্টে ব্যাট-বলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই ভারতীয় অলরাউন্ডার। এবারের বিশ্বকাপে দুটি অর্ধশতক করার পাশাপাশি নেন ৯টি উইকেট।
শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ভারত। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৫৫ রান করে ভারত। জবাবে সবকটি উইকেট হারিয়ে ১৫৯ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। এ জয়ে টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে ভারত।
বিজ্ঞাপন
বিশ্বকাপ জয়ের পর পান্ডিয়া বলেন, দেশের জন্য ট্রফি জেতাই তার প্রধান লক্ষ্য এবং ভবিষ্যতেও ভারতের হয়ে আরও শিরোপা জিততে চান তিনি।
এমএমএম/
বিজ্ঞাপন