কামিন্সদের ভেন্যুতে খেলেছে ম্যানচেস্টার–এসি মিলান

ক্রীড়াঙ্গনে পার্থ মানেই ওয়াকা গ্রাউন্ডের স্মৃতি ভেসে ওঠে। তবে সাম্প্রতিক সময় পার্থের ওয়াকা পার্শ্ব চরিত্র, অপ্টাস স্টেডিয়ামই নায়কের ভূমিকায়। কয়েক বিলিয়ন অর্থে নির্মিত অপ্টাস স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ও ক্রিকেট দুটোই হয় বড় পরিসরে। পশ্চিম অস্ট্রেলিয়া তো বটেই, পুরো অস্ট্রেলিয়ার মধ্যে অন্যতম আধুনিক ক্রীড়া ভেন্যুর একটি অপ্টাস।
বিজ্ঞাপন
অপ্টাসের আধুনিকতার নির্দশন এন্ট্রি থেকেই। অপ্টাস পরিদর্শন করতে হলে অভ্যর্থনা কক্ষের ডিসপ্লে মেশিনে ইনপুট দিতে হয় দর্শনার্থীকে। স্বয়ংক্রিয়ভাবে ভিজিটর পাশ প্রিন্ট হয়। রিসিপশন এরিয়া পার হতেই চোখে পড়বে অপ্টাসে হওয়া ফুটবল, ক্রিকেট ও কনসার্টের নানা রেকর্ড (আরক্রাইভ)। প্যাট কামিন্সদের ভেন্যুতে খেলেছে ইউরোপের শীর্ষ ক্লাব এসি মিলান এবং ম্যানচেস্টার ইউনাইটেডও।

ওয়াকা স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা যেখানে হাজার বিশেক, সেখানে অপ্টাসে তিনগুণ। গ্যালারির চেয়ার বেশ উন্নত মানের। একই মাঠে একাধিক খেলা হওয়ায় স্বাভাবিকভাবেই ড্রপ-ইন পিচের ব্যবহার করা হয়। নারী এশিয়ান কাপ ফুটবল চলমান থাকায় ক্রিকেটের পিচ উঠিয়ে প্র্যাকটিস গ্রাউন্ডের পাশে রাখা হয়েছে। পিচকে আলাদাভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হয়।

ড্রেসিংরুমের আয়তন ও সুযোগ-সুবিধা অনেক বেশি। হোম এন্ড অ্যাওয়ে কোচদের জন্য আলাদা রুম। দুই পাশে মিটিং ও প্রজেক্টের সিস্টেম। খেলোয়াড়দের রিলাক্সের জন্য দুই ড্রেসিংরুমে চারটি করে ছোট পুল। চারটির মধ্যে দুটি পুলের পানি গরম আর দুটি ঠান্ডা। ক্রিকেটের জন্য রয়েছে ইনডোর নেট প্র্যাকটিস। ক্রিকেটের ইনডোরকে নারী এশিয়া কাপের জন্য প্রেস কনফারেন্স উপযোগী করা হয়েছে।
বিজ্ঞাপন
অপ্টাসের আরেকটি বড় বিশেষত্ব ফ্লাডলাইট। সবচেয়ে আধুনিক প্রযুক্তি ও আলো ঝলমলে। লাইটের আলো ছাদ থেকে দেখতে সৌখিন ক্রীড়াপ্রেমীরা সবচেয়ে বেশি পয়সা দিয়ে টিকিটও কেনেন। ফলে অপ্টাসের সবচেয়ে আকর্ষণীয় জায়গা রুফ-টপ।

অপ্টাস স্টেডিয়ামের প্রেস বক্সের সামনে পশ্চিম অস্ট্রেলিয়ার নানা কীর্তি। কোন খেলায় কোন সালে কী ঘটেছে। অল্প সময়ের মধ্যে অপ্টাসে খেলার কিছু স্মৃতিও রয়েছে। মাত্র ২-৩ বছরের ব্যবধানে কয়েক বিলিয়ন ডলারের স্টেডিয়াম নির্মিত হয়েছে। সেখানে বাংলাদেশের ১০০ কোটি টাকার স্টেডিয়াম সংস্কারেই লাগে বছর পাঁচেকেরও বেশি সময়। বিসিবি পূর্বাচলে নিজস্ব ক্রিকেট স্টেডিয়ামের নকশা ও পরিকল্পনার আগে অপ্টাস স্টেডিয়াম পরিদর্শন করেছিল ৷
বিজ্ঞাপন
এজেড/এএইচএস