সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ

ক্রিকেট মহলে এখন বেশ আলোচিত বিষয়ের কেন্দ্রে বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। ওই ম্যাচে সালমান আগার একটি বিতর্কিত রান আউট ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া। এবার তাতে যোগ দিয়েছে রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ। এই মুহূর্ত থেকে অনুপ্রাণিত হয়ে তারা একটি নিরাপত্তা বার্তা দিয়েছে।
বিজ্ঞাপন
ঘটনা পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের। মোহাম্মদ রিজওয়ানের খেলা শটে বল থামাতে এগিয়ে আসেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সামনে ছিলেন সালমান। মৃদু সংঘর্ষের পর বল মিরাজের পায়ে বাধা পেয়ে সালমানের ব্যাটে লেগে তার পায়ের কাছে থামে। মিরাজ ভারসাম্য হারিয়ে একটু পিছিয়ে পড়েছিলেন। সালমান তাকে বল তুলে দিতে নিচু হন। কিন্তু তার আগেই বল কুড়িয়ে নিয়ে স্টাম্প ভাঙেন স্বাগতিক অধিনায়ক। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান। ক্রিকেটীয় নিয়ম মেনে আউট দেন থার্ড আম্পায়ার। তবে স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।
এভাবে আউট করা নিয়ে পক্ষে-বিপক্ষে নানান আলোচনা হচ্ছে। এরই মধ্যে রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ সালমানের আউট হওয়ার মুহূর্তটির ছবি পোস্ট করে দিয়েছে সচেতনতার বার্তা।
এই ঘটনার পর রাওয়ালপিন্ডি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সচেতনতামূলক বার্তা শেয়ার করে। তারা সালমানের সেই রান আউটের মুহূর্তটিকে উদাহরণ হিসেবে ব্যবহার করে জানায় যে, খেলাধুলা হোক বা রাস্তাঘাট— সর্বত্রই নিজের সুরক্ষা নিশ্চিত করতে হলে ব্যক্তিগত সচেতনতা এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
পুলিশের সেই বার্তায় আরও বলা হয়েছে যে, অন্যের ওপর পুরোপুরি নির্ভর করা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ট্রাফিক নিয়ম মেনে চলা এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সজাগ থাকাই সবাইকে নিরাপদে রাখতে পারে।
এফএইচএম/