আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে বিশ্বক্রিকেটে সাম্প্রতিক সময়ের অন্যতম সফল দলও বলা চলে তাদের। ২০২৪ ও ২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে গত বছর রোহিত শর্মার দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। তবে আলোচনা হচ্ছে আইসিসি সভাপতি জয় শাহ’র ভূমিকা নিয়ে। বিসিসিআইয়ের সাবেক এই সচিব ভারতীয় দলের সঙ্গে জয় উদযাপন এবং চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে মন্দিরে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সচিব ছিলেন জয় শাহ। কিন্তু তিনি এখন আইসিসির দায়িত্বে থাকলেও ভারতীয় বোর্ড-কর্তার মতো আচরণ করছেন বলে অভিযোগ উঠেছে। গত ১০ মার্চ বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতের শিরোপা উদ্যাপনের একটি ভিডিও পোস্ট করা হয়। ৩৭ সেকেন্ডের সেই ভিডিওতে জয় শাহকে দেখানো হয়েছে ১২ বার। এই পরিস্থিতিকে ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে সাংবাদিক অ্যাডাম কলিন্স ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেন।
এরই মাঝে সম্প্রতি ভারতের একটি বেসরকারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিসিআইয়ের সাবেক এই সচিবকে খেলাধুলায় অসাধারণ অবদানের জন্য অনুষ্ঠানে সম্মানিত করা হয়। ওই পুরস্কার মাঠে কঠোর পরিশ্রম করা ক্রীড়াবিদদের উদ্দেশে উৎসর্গ করেছেন জয় শাহ। পরবর্তীতে তিনি বলেন, ‘এক সময় যেমন অস্ট্রেলিয়া মানেই ছিল জয়, এখন তেমনই টিম ইন্ডিয়া মানেই জয়। এটাই এখন বাস্তবতা।’
— BCCI (@BCCI) March 10, 2026
বিজ্ঞাপন
ভারতের পাশাপাশি ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি সূর্য (সূর্যকুমার যাদব), গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার সব খেলোয়াড়কে অভিনন্দন জানাই। শুধু তারা নয়, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড দলকেও অভিনন্দন, যারা নকআউটের আগে একটি ম্যাচও হারেনি। সবশেষে নিউজিল্যান্ড দলকে অভিনন্দন জানাই, তারা যেভাবে লড়াই করেছে এবং কঠোর পরিশ্রম করেছে, তা প্রশংসনীয়।’ এ ছাড়া ২০১৯ সালে বিসিসিআইয়ের সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতীয় ক্রিকেটের সাফল্যের কথাও তুলে ধরেন আইসিসি সভাপতি।
ভারতীয় ক্রিকেটারদের উদ্যম ও নিষ্ঠা ধরে রাখার পরামর্শ দিয়ে জয় শাহ বলেন, ‘২০১৯ থেকে ২০২৬– এই সাত বছরে ভার দুটি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ জিতেছে। এ ছাড়া একবার করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছে। টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এটি বিশাল অর্জন। আমার প্রশাসনিক জীবনের অভিজ্ঞতায় দেখেছি, শীর্ষ থেকে নিচে নামতে সময় লাগে কয়েক মাস, কিন্তু নিচ থেকে শীর্ষে উঠতে লাগে বহু বছর। তাই তোমাদের পারফরম্যান্স ধরে রাখতে হবে, তাহলেই প্রতি বছর পুরস্কার পাবে।’
বিজ্ঞাপন
এএইচএস