পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিয়ে দলের ব্যাটিং অর্ডার ভেঙ্গে দেন বাংলাদেশের পেসাররা। তবে এরপর একাই দলকে টানেন দেশটির সালমান আলি আঘা। পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তেই নিয়ে যান তিনি। কিন্তু শেষদিকে তাসকিন-মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১১ রানে জিতে যায় বাংলাদেশ।
বিজ্ঞাপন
তাতেই ২-১ ব্যবধানে সিরিজ জিতলেন মেহেদি হাসান মিরাজরা। এর মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে টানা সিরিজ জেতার নজিরও গড়ল বাংলাদেশ। সবশেষ ২০১৫ সালে একে অপরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল বাংলাদেশ-পাকিস্তান। সেবার পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।
এমন সিরিজ জয়ের পর অধিনায়ক মিরাজ বলেন, 'অবশ্যই দারুণ ম্যাচ ছিল। ছেলেরা দারুণ খেলেছে। তবে শেষ ওভারে (পাকিস্তানের) দরকার ছিল ১৪ রান, সবাই কিছুটা ভয়ে ছিল। আমার মনে হয় উইকেট অনেক ভালো ছিল। যদি আমরা ৩০০ রান করতে পারতাম আরও ভালো হত। তবে যেভাবে আমরা খেলছি, বিশেষ করে তানজিদ তামিম যেভাবে ব্যাট করেছে দারুণ ছিল। লিটন দাস, তাওহিদ হৃদয় এবং শান্তও ভালো করেছে।'
পরে দলের পেসারদের প্রশংসা করে অধিনায়ক মিরাজ বললেন, 'আমার মনে হয় তাসকিন অনেক ভালো করেছে। শুরুর ৩ ওভারে ২ উইকেট নিয়েছে। পরে শেষ দিকে এসে আবার ২ উইকেট নিয়েছে। সিরিজজুড়ে সে এবং নাহিদ রানা অনেক ভালো বল করেছে এবং তাদের জুটিটা ভালো হচ্ছে। আমি অনেক খুশি।'
বিজ্ঞাপন
এসএইচ/এমটিআই