দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে ফাইনালে জাপান

এএফসি নারী এশিয়ান কাপের দ্বিতীয় সেমিফাইনালে জাপানের সঙ্গে পেরে উঠলো না দক্ষিণ কোরিয়ার মেয়েরা। ফাইনালে উঠার লড়াইয়ে নেমে ৪-১ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে জাপান নারী দল। তাতেই উঠেছে ফাইনালে তারা। শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে আয়োজক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জাপান।
বিজ্ঞাপন
সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে একক আধিপত্য বিস্তার করে জাপান। পুরো ম্যাচের ৬৭ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রাখেন জাপানের মেয়েরা। আর প্রতিপক্ষের গোলবার লক্ষ্য করে মোট শট নেয় ৩২টি। এর মধ্যে অন টার্গেটে ছিল নয়টি শট। এতে গোল এসেছে মোট চারটি।
এদিকে পুরো ম্যাচের ৩৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখেন দক্ষিণ কোরিয়ার ফুটবলাররা। আর জাপানের গোলবারে তারা শট নেয় মোট ১১টি। গোল এসেছে মাত্র একটি।
ম্যাচের প্রথমার্ধেই দক্ষিণ কোরিয়ার জালে দুইবার বল পাঠায় জাপান। ম্যাচের ১৫তম মিনিটে আসে প্রথম গোলটি। গোল করে দলকে লিড এনে দেন রিকো উয়েকি। আর এর ঠিক ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুন করেন জাপানিজ ফরোয়ার্ড মাইকা হামানো। ফলে ২-০ গোল ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জাপানিজরা।
বিজ্ঞাপন
দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়া। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। আর ম্যাচের ৭৫তম মিনিটে উল্টো আরও এক গোল খেয়ে বসে তারা। জাপানের হয়ে ব্যবধান তিনগুণ করেন সাকি কুমাগাই। আর ৭৮তম মিনিটে একটি গোল পরিশোধ করেন দক্ষিণ কোরিয়া। দলের একমাত্র গোলটি করেন কাং ছাই রিম।
এদিকে ৮১তম মিনিটে জাপানের হয়ে চতুর্থ গোলটি করেন রেমিনা ছিবা। এরপর ম্যাচে আর কোনো গোল হয়নি। ফলে ৪-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে জাপান।
এদিকে প্রথম সেমিফাইনালে চীনকে ২-১ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে অস্ট্রেলিয়া। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও জাপান। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২১ মার্চ)।
বিজ্ঞাপন
এমএমএম/