খারাপ সময়ে অভিষেককে যে পরামর্শ দিয়েছিলেন গম্ভীর

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকেই অফ ফর্মে ছিলেন অভিষেক শর্মা। বিশ্বকাপেও গ্রুপ পর্বে ব্যর্থ ছিলেন এই ওপেনার। তবে ফাইনালে এসে দারুণ ব্যাটিং করেছেন তিনি। এই বিশ্বকাপ অভিষেককে নতুন শিক্ষা দিয়েছে।
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রান করেছেন অভিষেক। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ র্যাংকিংয়ে এক নম্বর ব্যাটার হিসেবে বিশ্বকাপ খেলতে নামলেও ডাকের হ্যাটট্রিক দিয়ে আসর শুরু হয়েছিল তার। টানা ব্যর্থ হওয়ার পরও কোচ গৌতম গম্ভীর ভরসা রেখেছিলেন তার ওপর।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কঠিন সময়ের কথা বলেছেন অভিষেক। তিনি বলেন, 'গম্ভীর ভাই খুব সৎ মানুষ। যা বলার সরাসরি বলেন। লুকিয়ে রাখেন না। কঠিন সময়ে তিনি বারবার বলছিলেন, কঠিন কিছু না ভাবতে। দলে আমার যা কাজ, আমি যেভাবে খেলি, সেটাই চালিয়ে যেতে। সাহস দেখাতে।'
'গৌতম ভাই বলেছিলেন, একটা ভালো ইনিংস ছন্দ ফিরিয়ে দেবে। একটা ভালো ইনিংস দলকে জেতাবে। আমি খুব খুশি যে শেষ পর্যন্ত ফাইনালে সেটা এসেছে।'
বিজ্ঞাপন
বিশ্বকাপে আট ম্যাচে ১৪১ রানের মধ্যে ফাইনালেই ২১ বলে ৫২ রানের ইনিংস খেলেছেন অভিষেক। ১৮ বলে অর্ধশতরান করেছেন। ভারতের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি। কোচ ও দলের ভরসার কারণেই তিনি সেটা করতে পেরেছেন বলে জানিয়েছেন ভারতীয় এই ব্যাটার।
অভিষেক বলেন, 'বারবার শুরুতেই আউট হয়ে গেলে খারাপ লাগে। কারণ, সবাই দলের জন্য খেলতে চায়। সেটা না হলে ভালো লাগে না। আমি ভাগ্যবান ছিলাম যে, এতটা সাহায্য পেয়েছি। কোচ, অধিনায়ক, সতীর্থরা পাশে থেকেছে। আমিও আগের ম্যাচের চিন্তা ভুলে পরের ম্যাচে খেলতে নেমেছি।'
এইচজেএস