চতুর্থ নির্বাচকের আলোচনায় নাদিফ চৌধুরি

জাতীয় দলের সঙ্গে চলতি মাসেই শেষ হচ্ছে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পথচলা। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজে নিয়েছে বিসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছিল বোর্ড।
বিজ্ঞাপন
গেল ৮ মার্চ শেষ হয়েছিল আবেদনের সময়সীমা। সবমিলিয়ে ১৬ জন আবেদন করেন এই পদের জন্য। পরে সাক্ষাৎকার গ্রহণ করা হয় বিসিবির পক্ষ হতে, সেখানে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকে পছন্দ হয়েছে বিসিবির। ফলে তিনিই হচ্ছেন নতুন প্রধান নির্বাচক।
এদিকে সহকারী নির্বাচক পদে এগিয়ে ছিলেন দুই জন। বিসিবির পছন্দের তালিকায় নাম ছিল তুষার ইমরান এবং নাঈম ইসলাম। তবে বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, শেষ পর্যন্ত নাঈমকেই চূড়ান্ত করেছে বিসিবি। সেই হিসেবে বলা যায়, নতুন সহকারী নির্বাচক হিসেবে পথচলা শুরু হচ্ছে তার।
এদিকে নতুন খবর আরো একজন নির্বাচক নেওয়ার চিন্তায় বিসিবি। সেক্ষেত্রে নাদিফ চৌধুরির নাম রয়েছে। দেশের বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে রয়েছেন তিনি। বিসিবির শীর্ষ একজন পরিচালক ঢাকা পোস্টকে জানিয়েছেন, নাদিফের চতুর্থ নির্বাচক হিসেবে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের পরই সিদ্ধান্ত হবে এ ব্যাপারে।
বিজ্ঞাপন
যদিও এখনো কারোর বিষয়েই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়নি বিসিবি। বিসিবির হয়ে এই নির্বাচক নির্বাচনে যুক্ত ছিলেন ৪ পরিচালক ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক। বেতন হিসেবে বাশারের ৪ লাখ টাকা মাসিক হতে পারে। এছাড়া নাঈমের সঙ্গে বর্তমান নির্বাচক শান্তর বেতনও হতে পারে ৩ লাখ টাকা।
এসএইচ/এমএমএম