দুঃসংবাদ পেল ব্রাজিল, ছিটকে গেলেন তারকা ফুটবলার

চোটের কারণে আগামী সপ্তাহে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফুটবলার অ্যালিসন বেকার। গত বৃহস্পতিবার ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত দলে অ্যালিসন থাকলেও শেষ মুহূর্তে তাকে বাদ দিতে হয়েছে। অ্যালিসনের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
বিজ্ঞাপন
আগামী ২৬ মার্চ বস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচ দুটোতে দেখা যাবে না অ্যালিসনকে। তার অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন হুগো সুজা। এদিকে চলতি মাসের শুরুতেই নেইমারও ফিটনেস সমস্যার কারণে আনচেলত্তির দল থেকে বাদ পড়েন।
তবে শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও লিভারপুলকে ভোগাবে অ্যালিসনের এই চোট। আজ শনিবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যালিসনকে ছাড়াই মাঠে নামবে লিভারপুল। তার পরিবর্তে গোলপোস্ট সামলাবেন জিওর্গি মামারদাশভিলি।
চলতি মৌসুমে চোটের সাথে বেশ লড়াই করতে হচ্ছে অ্যালিসন বেকারকে। গত অক্টোবর-নভেম্বরে হ্যামস্ট্রিং সমস্যার কারণে তিনি মিস করেছিলেন মোট ৮টি ম্যাচ। এছাড়া গত ১০ মার্চ গ্যালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও লিভারপুলের গোলপোস্টের নিচে দেখা যায়নি এই গোলরক্ষককে।
বিজ্ঞাপন
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খুব বেশি সুবিধা করতে পারছে না লিভারপুল। এখন পর্যন্ত ৪৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্নে স্লট বাহিনী। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার দৌড়ে অ্যালিসনের অনুপস্থিতি দলটির জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ।
এমএমএম/