ঢাকা ক্যাপিটালস ক্রিকেটারদের বকেয়া পরিশোধের সময়সীমা জানাল বিসিবি

বিপিএল শেষ হয়েছে দুই মাস আগে। তবে এখনও ছয় ফ্র্যাঞ্চাইজির একটি ক্রিকেটারদের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করেনি। অন্য দল টাকা পরিশোধ করলেও নিজেদের পাওনা বুঝে পাওয়ার অপেক্ষায় ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা। তারা ১৫ এপ্রিলের মাঝে পারিশ্রমিকের অর্থ হাতে পাবেন বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু।
বিজ্ঞাপন
বিপিএলের এই সদস্য সচিব ঢাকা পোস্টকে জানিয়েছেন, ‘ঈদের আগে কিছু কিছু টাকা দেওয়া হয়েছে। তবে তাদেরকে বলা হয়েছিল পুরো টাকাটা দিয়ে দেওয়ার জন্য। সবমিলিয়ে এক কোটি টাকার মতো দিয়েছে আরকি। বাকি রয়েছে তিন কোটি সত্তর লাখ টাকা আমার হিসাবে।’
দেড় মাসের মধ্যে পুরো অর্থ দেওয়ার কথা থাকলেও, দুই মাস পেরিয়ে গেছে। মিঠু বলেন, ‘ঈদ তো শেষ হয়েছে, এখন আমরা তাদের যে টাকাটা রয়েছে পাঁচ কোটি টাকা রয়েছে ব্যাংক গ্যারান্টির। ব্যাংকের মাধ্যমে টাকাটা আসলে ক্রিকেটারদের দিয়ে দেওয়া হবে। যদিও নিয়ম ছিল ৪৫ দিনের মধ্যে টাকা দেওয়ার, এখনতো দুই মাস হয়ে গেছে। ১৫ এপ্রিলের মধ্যে পাবে ক্রিকেটাররা।’
এর আগে ফেব্রুয়ারির শুরুতে নোয়াখালী এক্সপ্রেস এবং সিলেট টাইটান্সের ক্রিকেটারদের বকেয়া পরিশোধ করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। বিসিবির কাছে জমা দেওয়া অর্থ থেকেই বকেয়া পরিশোধ করা হয়। এদিকে, চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স এবং রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালস প্রাইজমানি বুঝে পেয়েছে বিসিবি থেকে।
বিজ্ঞাপন
রানার্স-আপ দলের ক্রিকেটাররা প্রাইজমানির ৪০ শতাংশ অর্থ পেয়েছেন। চট্টগ্রাম মোট পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। এ ছাড়া চ্যাম্পিয়ন রাজশাহী পেয়েছে ২ কোটি ৭৫ লাখ টাকা। উল্লেখ্য, সবশেষ ২০২৫ মৌসুমের বিপিএলে বিসিবির অর্জিত অর্থ থেকে লভ্যাংশ পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে এবারের আসর থেকে লভ্যাংশ পাওয়া নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এসএইচ/এএইচএস