পাকিস্তানের কাছে হারায় আত্মহত্যা করেন আফগানভক্ত, জয় উদযাপন হয় ৩ বছর পরেও

মাঠে ও বাইরে সবসময়ই বেশ দ্বৈরথ চলে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝে। সম্প্রতি সেই বিরোধ যুদ্ধে রূপ নিয়েছে। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানে। সাম্প্রতিক সময়ে এক হাসপাতালে হামলার ঘটনায় সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন আফগান ক্রিকেটাররা। খেলার মাঠেও হার-জিতের কারণে এমন দর্শকদের মাঝে তার ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় বলে জানিয়েছেন রহমানউল্লাহ গুরবাজ।
বিজ্ঞাপন
ভারতীয় সাংবাদিক শুভঙ্কর মিশ্র’র ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই আফগান তারকা। এ সময় তিনি ২০২২ এশিয়া কাপে নাসিম শাহ’র শেষদিকের ঝোড়ো ব্যাটিংয়ে হার সইতে না পেরে ক্রিকেটভক্তের আত্মহত্যার কথা জানান। একইসঙ্গে ২০২৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ম্যাচটি আফগানদের জন্য ইতিহাসের সেরা মুহূর্ত বলে মন্তব্য করেন গুরবাজ, যা এখনও উদযাপন করে দেশটির মানুষ।
আফগানিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘(২০২২ এশিয়া কাপে) আমি দেকেছি কত মানুষ সেখানে ছিল, তারা কীভাবে কেঁদেছে। রাস্তায়, বাড়িতে মানুষ মারা গেছে। আত্মহত্যার ঘটনাও ঘটেছে ওই ম্যাচের জন্য। আমরা খুবই আবেগপ্রবণ জাতি এবং অবশ্যই সেটি (পরাজয়) আমাদের আঘাত করে– আমরা এসব মানুষের জন্য খেলি। আমরা নিশ্চিত জয়ী ম্যাচ হেরেছি, খুবই নিকটে ছিলাম। সেখান থেকে হেরে যাই। যখনই আমি শারজাহ স্টেডিয়াম নিয়ে কথা বলি, সেই মুহূর্তটি মনে চলে আসে। আমরা ভালো ব্যাট করিনি, কিন্তু বোলিংয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াই।’

অন্যদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল আফগানরা। সেমিফাইনালে ওঠার দ্বারপ্রান্তেও ছিল রশিদ-নবিরা। যেখানে পাকিস্তানকে হারানো ম্যাচটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা উল্লেখ করে গুরবাজ বলেন, ‘আমাদের মানুষের কাছে এটি ছিল দ্বিতীয় ঈদ। ক্রিকেট বোর্ডের একজন জানিয়েছেন– এখনও সেই দিনটি মানুষ উদযাপন করে।’ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০২৪ সালে শিরোপা জিতেছেন গুরবাজ। ভারতীয় মানুষের মতো এমন উষ্ণ অভ্যর্থনাও অন্য কোথাও পান না বলে দাবি তার।
বিজ্ঞাপন
ভারতকে দ্বিতীয় বাড়ি উল্লেখ করে ডানহাতি এই ব্যাটার বলছেন, ‘সব জায়গায় আমি এই কথাটা বলি– ভারত নিশ্চিতভাবেই আমার কাছে দ্বিতীয় বাড়ি। ভারতীয় মানুষের কাছে যে ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় না এত সমর্থন আর কোথাও পাই। কোনো সন্দেহ নেই যে ভারতে আমাদের দল ও ক্রিকেটাররা অনেক সম্মান পায়।’
সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিজের ‘আইডল’ বলে মানেন গুরবাজ। তার সঙ্গে চেন্নাই সুপার কিংসেও খেলার ইচ্ছা রয়েছে এই আফগান তারকার, ‘শৈশব থেকেই আমার আইডল এমএস ধোনি। আমি তার কারণে ক্রিকেট খেলা শুরু করি। একইভাবে উইকেটকিপিংয়ে আসি তাকে দেখে। বিশ্বের যেকোনো খেলোয়াড়ের সঙ্গে দেখা হলে তখন অনুভূতি স্বাভাবিক থাকে, কিন্তু যখন ধোনির সঙ্গে কথা বলি, আমার চাপ অনুভব হয়। তিনি খুব ভালো ব্যক্তিত্ব, প্রতিবারই তিনি নিজ থেকে ডেকে কথা বলেন। চেন্নাই সবসময়ই আমার স্বপ্নের দল, এটাও তার (ধোনির) কারণে। একদিন সেই দলে খেলব এমন স্বপ্ন দেখি।’
বিজ্ঞাপন
কলকাতায় ভারতীয় ব্যাটার রিংকু সিংয়ের সঙ্গে খেলেছেন গুরবাজ, তার সঙ্গে বেশ ভালো সম্পর্কও রয়েছে। সে প্রসঙ্গে গুরবাজ বলেন, ‘রিংকু আমার জানি (জান)। আমার খুব ভালো বন্ধু। এখন ২-৩ দিনে একবার তার সঙ্গে ভিডিও কলে কথা হয়। সকল আন্তর্জাতিক ক্রিকেটারকে স্মরণে রাখা আমার জন্য কঠিন– হোক সেটি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা অন্য দেশের। সে কারণে আমি সিদ্ধান্ত নিই যে সবাইকে “জানি” ডাকব। কেউ তাহলে মাইন্ড করবে না। বিষয়টি কেবল রিংকুই জানে, সে কারণে সেও আমার নাম দিয়েছে “জানি”।’
এএইচএস