যুক্তরাষ্ট্রে ২০০০ হোটেলকক্ষের বুকিং বাতিল করল ফিফা, কারণ কী?

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসবে। এমন মেগা ইভেন্টের জন্য স্বাভাবিকভাবেই অনেক আগেভাগে হোটেল-মাঠ, অনুশীলন কেন্দ্রসহ বেশকিছু স্পট সংরক্ষণ করা হয়। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে প্রায় ১০ হাজার হোটেলকক্ষ বুক করেছিল ফিফা। এর মধ্যে দুই হাজার কক্ষের বুকিং বাতিল করা হয়েছে। যদিও ঠিক কী কারণে এমন পদক্ষেপ তা জানায়নি ফিফা।
বিজ্ঞাপন
ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি এড গ্রোস মার্কিন সংবাদমাধ্যম এবিসি৬–কে বলেছেন, চার শহরের কেন্দ্রীয় হোটেলে সংরক্ষিত বড় সংখ্যক কক্ষ বাতিল করা হয়েছে। এর নেপথ্য কারণ জানায়নি ফিফা। তবে চুক্তির শর্ত মেনেই সেসব রিজার্ভেশন বাতিল এবং এজন্য কোনো জরিমানা গুনতে হচ্ছে না বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাকে।
এ বিষয়ে বক্তব্য জানতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ ফিফা এবং ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয়। গ্রোস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আরও আয়োজক শহরেও ফিফার কক্ষ বাতিলের ঘটনা ঘটেছে। এমন পদক্ষেপের কারণে হোটেল ভাড়া কতটা বাড়ে তা অনিশ্চিত এবং সে কারণে কক্ষ বুক করতে আগ্রহী ফুটবলভক্তদের বেশি সময় অপেক্ষা করতে নিরুৎসাহিত করেছেন এই ফিলাডেলফিয়া হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি।

গ্রোস বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে উত্তেজনাবোধ করছি না, যদিও সেজন্য বিশ্বও থেমে থাকবে না। বাতিল হওয়া রুম আবার ভাড়া হওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং ফিলাডেলফিয়ায় আগত ভক্তদের কাছে বিক্রি করা হবে।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্বকাপ চলাকালেই একাধিক সম্মেলন রয়েছে এই অঙ্গরাজ্যে। সে কারণে কক্ষ ভাড়া দেওয়া খুব একটা কঠিন হবে না বলেও প্রত্যাশা।
বিজ্ঞাপন
ফিলাডেলফিয়ায় কক্ষ বাতিলের সংবাদ সামনে আসার পর মেক্সিকোর সংবাদমাধ্যম ‘এল ফাইনান্সিয়েরো’ জানিয়েছে, মেক্সিকো সিটিতেও নিজেদের বুক করা হোটেল কক্ষের ৪০ শতাংশ বাতিল করেছে ফিফা। যেখানে তার উদ্ধৃতি দিয়েছে মেক্সিকো সিটি হোটেল অ্যাসোসিয়েশনের জেনারেল ডিরেক্টর আলবার্তো আলবারান লেইভার। তিনি বলেছেন, গত মাসে বিশ্বকাপের জন্য সংরক্ষিত ২০০০ কক্ষের মধ্যে ৮০০ কক্ষ বাতিল করেছে ফিফা। ইএসপিএনকে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে আলবারান লেইভা কক্ষ বাতিলের বিষয়ে অতিরিক্ত বিশ্লেষণ করার ব্যাপারে সতর্ক করেছেন। তার মতে, ফিফা কেবল সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই অতিরিক্ত বুকিং করেছিল।
আলবারান বলছেন, ‘ফিফা (সংকট) প্রতিরোধের কৌশল এবং ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাসখানেক আগে ২০০০ রুম বুক করেছিল। পরে কিছু সংখ্যক কক্ষ বাতিল করা হয়, কারণ সেগুলো আর প্রয়োজন নেই বলে বিবেচনা করছে। এর পেছনে অন্য কোনো কারণ কিংবা বিষয় নেই।’ ফিফার তথ্যমতে– তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন মেগা ইভেন্টে সারাবিশ্ব থেকে ৫ থেকে সাড়ে ৬ মিলিয়ন ফুটবলভক্তের উপস্থিতি আশা করেছিল।
বিজ্ঞাপন
এএইচএস