স্বাধীনতা দিবসে সবুজ দলকে হারাল লাল দল

প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিশেষ টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচটিতে আশরাফুল-রফিকদের বিসিবি লাল দল রাজ্জাক-নাফিসদের সবুজ দলকে হারিয়েছে।
বিজ্ঞাপন
আজ (বৃহস্পতিবার) সকালে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ এই ম্যাচ। যেখানে বিসিবি সবুজ দল ১২৩ রানের বড় জয় পেয়েছে। আগে ব্যাট করতে নেমে ২১৩ রান সংগ্রহ করে লাল দল। তাদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন নাসিরউদ্দিন ফারুকি। এ ছাড়া মোহাম্মদ রফিক ২৪ বলে ৫০ এবং ডলার মাহমুদ করেন ৯ বলে ২৭ রান। সবুজ দলের হয়ে ২ উইকেট নিয়েছেন ফয়সাল হোসেন ডিকেন্স।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারিয়েছে সবুজ দল। কোনো রান না করেই বিদায় নেন ওপেনার হান্নান সরকার। এরপর এক প্রান্ত আগলে রাখেন শাহরিয়ার নাফিস, তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকে। মূলত ইলিয়াস সানির ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন তুষার ইমরান ও নাদিফ চৌধুরিররা।
পরে ৩৩ রানে নাফিস বিদায় নেওয়ার পর শেষদিকে আব্দুর রাজ্জাকের ১৮ রান ছাড়া সবুজ দলের আর কেউই দুই অঙ্কের ঘরে ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৯০ রানে থামে সবুজ দলের ইনিংস। ইলিয়াস সানি ৫ উইকেট এবং রফিক ৪ উইকেট শিকার করেন। লাল দল ১২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
বিজ্ঞাপন
এসএইচ