পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বৃহস্পতিবার রাতে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ কিংসমেন। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল তারা। কিন্তু তাদের কিটের কারণে প্রথম ইনিংসের ১৫ ওভারের পরেই অপ্রত্যাশিতভাবে বল পরিবর্তন করতে হয়েছে। কারণ কিট আর বলের রঙ একই হওয়ার কারণে বল ট্র্যাক করা ব্যাটারদের জন্য কঠিন হয়ে পড়েছিল।
বিজ্ঞাপন
মেরুন রঙয়ের পোশাক পরে মাঠে নেমেছিল হায়দরাবাদ। কিছুক্ষণ পরই সেই মেরুন রঙ সাদা কোকাবুরা বলের ওপর লেপ্টে যায়। পাওয়ার প্লে শেষ হওয়ার পর খালি চোখে বলের ওপর মেরুনের আভা স্পষ্ট বোঝা যাচ্ছিল। হায়দরাবাদ অধিনায়ক মার্নাস লাবুশেন দ্বিতীয় ওভারেই আম্পায়ারদের কাছে এই বিষয়টি উত্থাপন করেন।
ম্যাচ শেষে লাবুশেন বলেন, “দ্বিতীয় ওভারের পরই আমি আম্পায়ারদের বলেছিলাম, ‘কী হচ্ছে এটা? বল তো লাল হয়ে গেছে।’ অবশ্যই এটা কাপড় কিংবা এমন কিছু থেকে লেগেছে। আমি কোনোদিন এরকম কিছু (আগে) দেখিনি। হ্যাঁ, প্যাড কিংবা ব্যাটে লেগে বলের রঙ বদলে যেতে দেখেছি। আমি নিশ্চিত যে রোববার আমাদের পরের ম্যাচের আগেই এই সমস্যার সমাধান হবে।’ লাবুশেনে নিশ্চিত করেছেন, এই কিট পরে টুর্নামেন্টে খেলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আপত্তি করেননি আম্পায়াররা।

লাহোরের হারিস রউফ ভিন্ন কারণ বললেন, গ্যালারির সিট থেকে রঙ লাগতে পারে বলে। কিন্তু গাদ্দাফি স্টেডিয়ামের সিট সবুজ ও সাদা রঙয়ের। তার কথা, তিনি ব্যাট করলে প্রথম বলেই সেটি বদলাতে বলতেন।
বিজ্ঞাপন
পাকিস্তানি পেসার বললেন, ‘কে আসলে বল পরিবর্তন করতে বলেছে, আমি নিশ্চিত না। আমরা জোর দিয়ে বলতে পারি না যে এটা কিটের কারণে হয়েছে কি না। হতে পারে সিট থেকে রঙ লেগেছে, কারণ বল অনেকবার মাঠের বাইরে পড়েছে। যতক্ষণ ব্যাটাররা স্পষ্টভাবে বল দেখতে পেয়েছে, ব্যাট করেছে। কিন্তু যখন বলের ট্র্যাক বোঝা কঠিন হয়ে পড়েছিল, তখনই সম্ভবত পাল্টানো হয়েছে। আমি যদি ক্রিজে (ব্যাট করতে) যেতাম, তাহলে প্রথম বলেই বদলাতে বলতাম।’
ম্যাচ শেষে লাহোরকে এক্স-এ অভিনন্দন জানিয়েছে হায়দরাবাদ, ‘প্রথম গোলাপি বলের ম্যাচ জেতায় অভিনন্দন।’ পিএসএল অভিষেকে দলটি ৬৯ রানে হেরে গেছে।
এফএইচএম/
