ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার জেরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু হয়েছিল। তারই জেরে দেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার। নতুন সরকার আসার পর এনিয়ে জট খুলতে যাচ্ছে।
বিজ্ঞাপন
ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচারে কোনো বাধা আর নেই। নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমন তথ্য জানিয়েছেন। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, আইপিএল সম্প্রচার নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন তিনি।
নতুন সরকারের তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ডয়চে ভেলেকে বলেন, ‘আমাদের কাছে আইপিএল দেখানোর ব্যাপারে কোনো আবেদন নিয়ে কেউ আসেনি। খেলাধুলা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। ফলে বিষয়গুলো বাণিজ্যিকভাবেই আমরা দেখব। কোনো চ্যানেল যদি আইপিএল দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করে আমরা ইতিবাচকভাবেই বিবেচনা করবো।’
তিনি বলেন, ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশে আইপিএল দেখা গেলে সরকার তাতে বাধা দেবে না। জহির উদ্দিন বলেন, ‘আমরা কাউকে বাধা দেবো না। যদি দেখা যায়, যাবে। আমাদের কেউ যদি দেখানোর আবেদন করে সেটাও ইতিবাচকভাবে আমরা দেখব। জোর করে কিছু করা হবে না।’
বিজ্ঞাপন
ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) দপ্তর সম্পাদক রেজাউল করিম লাভলু ডয়চে ভেলেকে বলেন, ‘স্টার স্পোর্টসে যদি আইপিএল দেখা যায় তো যাবে। আমাদেরকে কেউ এটা বন্ধ রাখতে বলেনি।’
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা বিষয়ে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ওই নির্দেশনার এখন কোনো দাম নেই। এই সরকার যদি আমাদের বন্ধ রাখতে বলে আমরা বন্ধ রাখব। আগের সরকারের ওই সব নির্দেশনা এখন আর বহাল নেই।’
আজ বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের উদ্বোধনী ম্যাচে স্বাগত জানাবে সানরাইজার্স হায়দরাবাদকে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।
বিজ্ঞাপন
এফএইচএম/
