ঈদের ছুটি কাটিয়ে মাঠে ক্রিকেট ফিরতে শুরু করেছেন ক্রিকেটাররা। গতকাল (শুক্রবার) থেকে জাতীয় দলের তিন ফরম্যাটের রাডারে থাকা ক্রিকেটাররা শুরু করেছেন অনুশীলন। মূলত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের লড়াইকে সামনে রেখে এই প্রস্তুতি ক্যাম্প শুরু করেছে টাইগাররা।
বিজ্ঞাপন
ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর জোর দিয়ে শুরু হওয়া এই ক্যাম্পে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কিছু নতুন মুখকেও রেখেছেন নির্বাচকরা। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা নাঈম শেখকে দেখা যায়নি এই ক্যাম্পে। খোঁজ নিয়ে জানা গিয়েছে তাকে ক্যাম্পেই রাখা হয়নি। তবে কেন নেই সেই বিষয়ের বিস্তারিত জানা যায়নি। এই ক্যাম্পের দল নির্বাচন করেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবং প্রধান কোচ ফিল সিমন্স।
নাঈম শেখের না থাকা নিয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন অবগত হয়েছেন। ধারণা করা হচ্ছে দ্রুতই ক্যাম্পে দেখা যাবে নাঈমকে।
সিনিয়র সহকারি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট এবং বিসিবি কোচ সোহেল ইসলামের উপস্থিতিতে ঘাম ঝরিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা।
বিজ্ঞাপন
আগামী ১৩ এপ্রিল ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। ১৭ এপ্রিল থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুটি ম্যাচ মিরপুরে হলেও শেষ ওয়ানডেটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে।
এরপর দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ২ মে ঢাকায় সিরিজের শেষ ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই দ্বিপাক্ষিক লড়াইয়ের।
এসএইচ/এইচজেএস
