বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনা। মালদ্বীপ সাফ অ-২০ টুর্নামেন্টেও দুই দলের ম্যাচ ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচে ২ দল একটি করে গোল করেছে আবার দুই দলের কোচিং স্টাফ একটি করে লাল কার্ড দেখেছে।
বিজ্ঞাপন
লাল কার্ড দেখায় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসতে পারেননি বাংলাদেশের বৃটিশ হেড কোচ মার্ক কক্স। তার পরিবর্তে সহকারী কোচ আতিকুর রহমান মিশু প্রেস কনফারেন্সে এসেছিলেন। রেফারিং নিয়ে প্রশ্নে মিশু বলেন, 'রেফারিংয়ের বিষয়টি সাফের দেখার দেখা উচিত। সবাই মনে করে বাংলাদেশ-ভারত ম্যাচে রেফারি ভারতের পক্ষে। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না।'
আমেরিকান প্রবাসী ফুটবলার রোনান সুলিভান পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন। আজকের ম্যাচে তার কর্নার থেকেই বাংলাদেশ সমতা এনেছে। তাই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন হয়েছে। এ নিয়ে মিশু বলেন, 'ফুটবল টিম গেম। তার সংযোজন অবশ্যই আমাদের জন্য ভালো। আগের ম্যাচে দুই গোল আজ একটি গোল অ্যাসিস্ট করেছে। এটা আমাদের জন্য দারুণ কার্যকর।'
ভারত প্রথমার্ধে লিড নেয়। প্রথম দিকে বাংলাদেশের ফুটবলাররা যেন খেই হারিয়ে ফেলছিল। এ নিয়ে কোচের ব্যাখ্যা, 'বাংলাদেশ-ভারত ম্যাচে সব সময় উত্তেজনা থাকে। ২০-২৫ মিনিট ছেলেরা খুব উত্তেজিত ছিল। দ্বিতীয়ার্ধে ভালো খেলেছে এবং আমাদের নিয়ন্ত্রণে ছিল। '
বিজ্ঞাপন
বাংলাদেশ গ্রুপে রানার্স আপ হওয়ায় নেপালের বিপক্ষে সেমিফাইনাল খেলবে। নেপাল নিয়ে মিশু বলেন, 'স্টেপ বাই স্টেপ আমরা এগুতে চাই। নেপাল তিন ম্যাচ খেলেছে। তাদের খেলা বিশ্লেষণ করব আমাদের আজকের ম্যাচটিও দেখব।' বাংলাদেশ ও ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে এই ম্যাচের আগেই। রোনানের ভাই ডেকলানকে গত ম্যাচ খেলাননি কোচ। এই ম্যাচেও না খেলানোর যৌক্তিকতা পাওয়া যায়নি। কেন ডেকলান এই বিষয়ে কোনো ব্যাখ্যাও পাওয়া যায়নি। মিশু সহকারী কোচ হলেও ম্যাচ চলাকালে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা তিনিই দিয়ে থাকেন। ইংলিশ কোচ মার্ক কক্স শুধু নামেই যেন।
এজেড/এইচজেএস
