পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বড় ধরনের নিরাপত্তা প্রোটোকল ভাঙার অভিযোগ উঠেছে লাহোর কালান্দার্সের দুই তারকা ক্রিকেটার শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার বিরুদ্ধে। অনুমতি ছাড়াই চারজন বহিরাগতকে জোরপূর্বক হোটেলের খেলোয়াড়দের ফ্লোরে নিয়ে যাওয়ায় পিএসএল সিইও সালমান নাসিরের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র পাঠিয়েছে পাঞ্জাব পুলিশ ।
বিজ্ঞাপন
পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, গত শনিবার রাতে সিকান্দার রাজার পরিচিত চারজন ব্যক্তিকে খেলোয়াড়দের রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। পিসিবির সিকিউরিটি ম্যানেজার এবং পিএসএল সিইও নিরাপত্তা নিশ্চিত করতে এই অনুরোধ দুবার প্রত্যাখ্যান করেন। কিন্তু অভিযোগ উঠেছে, শাহিন আফ্রিদি ও সিকান্দার রাজা নিরাপত্তারক্ষীদের বাধা উপেক্ষা করে ওই চার ব্যক্তিকে জোরপূর্বক হোটেলের রুমে নিয়ে যান এবং তারা সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন।
পশ্চিম এশিয়া সংকটের কারণে এবারের পিএসএল দর্শকশূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এবং খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অত্যন্ত কঠোর প্রোটোকল বজায় রাখা হচ্ছে। পুলিশের দাবি, আফ্রিদি ও রাজার এই আচরণ খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি এবং এটি সুপ্রতিষ্ঠিত নিরাপত্তা বিধির গুরুতর লঙ্ঘন।
বিষয়টি নিয়ে লাহোর কালান্দার্সের মিডিয়া হেড উমর ফারুক জানিয়েছেন, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং এ বিষয়ে পিএসএল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন। এদিকে ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পাঞ্জাব পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
বিজ্ঞাপন
মাঠের বাইরে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ রবিবার রাতে করাচি কিংসের মুখোমুখি হয়েছে লাহোর কালান্দার্স। প্রথম ম্যাচে হায়দরাবাদ কিংস ম্যানের বিপক্ষে দাপুটে জয় পায় শাহীন শাহ আফ্রিদির দল।
এমএমএম/
