বিজ্ঞাপন

জন্মভূমির দলের কাছে হেরে বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত

অ+
অ-
জন্মভূমির দলের কাছে হেরে বিশ্বকাপের ৭২ দিন আগে বরখাস্ত

বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন নেই। আফ্রিকা থেকে এবার অংশ নিচ্ছে ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখানো ঘানা। কিন্তু মূল পর্বের আগে চলতি আন্তর্জাতিক উইন্ডোতে মাঠের পারফরম্যান্সে বিপর্যস্ত দলটি। তারই মাশুল দিতে হলো কোচকে। জন্মভূমির ফুটবল দলের কাছে হেরে চাকরি গেল অটো আডোর।

বিজ্ঞাপন

বিশ্বকাপ শুরু হওয়ার ৭২ দিন আগে প্রধান কোচের দায়িত্ব থেকে আডোকে সরিয়ে দিয়েছে ঘানা। গতকাল স্টুটগার্টে তার জন্মভূমির দল জার্মানির কাছে ২-১ গোলে হারের পর তাকে ছাঁটাই করল তারা। তার আগে গত শুক্রবার অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া দেশটি। এর আগে আডোর অধীনে আফ্রিকা কাপ অব নেশন্সে উঠতে ব্যর্থ হয়েছিল তারা।

ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপে একই গ্রুপে ঘানা। মূল টুর্নামেন্টের আগে তারা এনিয়ে টানা চার ম্যাচ হারল। জার্মানির কাছে হারের পর ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতি  দিয়ে জানিয়েছে, আডোর সঙ্গে ‘সম্পর্ক ছিন্ন’ করেছে তারা এবং তার বিদায় ‘অবিলম্বে কার্যকর’ হলো। 

জার্মানিতে জন্মগ্রহণ করা আডো পুরো খেলোয়াড়ি ক্যারিয়ার সেখানেই কাটান। বরুসিয়া ডর্টমুন্ড ও মাইঞ্জের হয়ে খেলেছেন। আন্তর্জাতিক ফুটবলে ১৫ ম্যাচ খেলেছেন ঘানার হয়ে। ঘানার ফুটবল ইতিহাসে আডোর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। গত আফকনে দলকে তুলতে না পারলেও প্রথম কোচ হিসেবে ঘানাকে দুটি বিশ্বকাপে তোলেন। ২০২২ সালের বিশ্বকাপেও কোচ ছিলেন তিনি। তাতে প্রথম ঘানাইয়ান হিসেবে বিশ্বকাপে খেলোয়াড় ও কোচ হওয়ার অনন্য মর্যাদা লাভ করেন আডো। ৫০ বছর বয়সী কোচ ২০২৪ সালের মার্চে দ্বিতীয় মেয়াদে এই দায়িত্ব নেন।

বিজ্ঞাপন

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে চলবে বিশ্বকাপ। ১৮ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচ ঘানার। ২৩ জুন ইংল্যান্ড ও ২৭ জুন ক্রোয়েশিয়ার সঙ্গে খেলবে।

এফএইচএম/