World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপ ব্যর্থতা: ইতালির ফুটবল প্রধানকে পদত্যাগের আহ্বান ক্রীড়ামন্ত্রীর

বিশ্বকাপ ব্যর্থতা: ইতালির ফুটবল প্রধানকে পদত্যাগের আহ্বান ক্রীড়ামন্ত্রীর

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবল ফেডারেশনের প্রধানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রে আবোদি। 

মঙ্গলবার ইউরোপীয়ান প্লে-অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে ইতালি আবারও বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য এবারের আসরেও তারা থাকছে না। এ নিয়ে টানা তিনবার বিশ্বকাপে খেলতে ব্যর্থ হলো আজ্জুরিরা।

ইতালির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)-এর প্রধান গ্যাবিয়েল গ্রাভিনা যদিও বলেছেন তিনি পদত্যাগ করবেন না। তবে আগামী সপ্তাহে বোর্ড সভায় তার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবোদি বলেন, “ইতালিয়ান ফুটবলকে নতুন করে গড়ে তুলতে হবে। আর সেটা শুরু করতে হবে এফআইজিসির শীর্ষ পর্যায়ে পরিবর্তনের মাধ্যমে।”

২০১৮ সাল থেকে ইতালিয়ান ফুটবলের দায়িত্বে থাকা গ্রাভিনা এর আগে কার্লো টাভেসিওর স্থলাভিষিক্ত হন, যিনি ২০১৭ সালে সুইডেনের কাছে হেরে ইতালির বিশ্বকাপ মিসের পর পদত্যাগ করেছিলেন।

একটি সূত্র জানিয়েছে, গ্রাভিনা বৃহস্পতিবার ইতালির তিনটি পেশাদার লিগ, খেলোয়াড় ও রেফারি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে রোমে ফেডারেশনের সদর দপ্তরে কিছু সমর্থক ডিম নিক্ষেপ করে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।

গতকাল প্লে-অফে পরাজয়ের পর গ্রাভিনা অভিযোগ করেন যে ফুটবল যথেষ্ট রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না। তিনি স্বীকার করেন, “ইতালিয়ান ফুটবল গভীর সংকটে রয়েছে।” এ ছাড়া তিনি অন্য খেলাগুলোকে “অ্যামেচার” বলে উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়। সম্প্রতি মিলান-কোর্তিনা শীতকালীন অলিম্পিকে ইতালি রেকর্ড ৩০টি পদক জিতেছে এবং প্যারিস ২০২৪ অলিম্পিকেও ৪০টি পদক অর্জন করেছে।

বিশ্ব টেনিস তারকা ইয়ানিস সিনারের মতো খেলোয়াড়রা অন্যান্য খেলায় ইতালির সাফল্যের উদাহরণ। আবোদির মতে, “তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে না পারার দায় এড়িয়ে গিয়ে রাষ্ট্রকে দোষারোপ করা ভুল। একইসাথে অন্য খেলাধুলার গুরুত্ব কমিয়ে দেখাও ঠিক নয়।” এদিকে অলিম্পিক স্বর্ণজয়ী স্পিড স্কেটার ফ্রান্সেসকা লোরোব্রিগিডা ইনস্টাগ্রামে ব্যঙ্গ করে লিখেছেন, “আমি তাহলে একজন অ্যামেচার।”

এফআই