তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি বছরের সেপ্টেম্বরে জিম্বাবুয়ে সফরে যাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। হারারে স্পোর্টস ক্লাবের ১৫, ১৮ এবং ২০ সেপ্টেম্বরে ওয়ানডে ম্যাচটি তিনটি অনুষ্ঠিত হবে। সবশেষ ২০১৮ সালে জিম্বাবুয়ে সফরে গিয়েছিল অজিরা। সেবার জিম্বাবুয়ে এবং পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল তারা।
বিজ্ঞাপন
এদিকে জিম্বাবুয়ের মাটিতে সবশেষ ২০১৪ সালে দুপাক্ষিক সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। ১২ বছর আগের সেই সফরে ছিল তিনটি ওয়ানডে ম্যাচ। গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে একে অপরের বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে। গ্রুপ পর্বের সেই ম্যাচে অজিদের ২৩ রানে হারায় রোডেশীয়রা।
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে। বৈশ্বিক এই আসর শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতেই এই সফর করবে অজিরা।
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বলেন, ‘অস্ট্রেলিয়াকে আবারও জিম্বাবুয়েতে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওয়ানডে সিরিজ দেখার অপেক্ষায় আছি।’
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘এই ম্যাচগুলো একটি দল হিসেবে আমাদের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সামনেই ২০২৭ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ, যা আমরা দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার সাথে যৌথভাবে আয়োজন করতে যাচ্ছি। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের দল গঠনের প্রক্রিয়ায় এই সিরিজটি প্রস্তুতি হিসেবে কাজ করবে।’
‘এটি আমাদের ভক্তদের জন্য ঘরের মাঠে উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেট উপভোগ করার একটি চমৎকার সুযোগ। আমরা হারারে স্পোর্টস ক্লাবে দর্শকদের জোরালো সমর্থনের প্রত্যাশা করছি।’
ইএসপিএন-ক্রিকইনফোর তথ্যমতে, এই বছরের জুন মাসে বাংলাদেশ এবং অক্টোবর মাসে আফগানিস্তানকে আতিথ্য দেওয়ার পরিকল্পনা করছে জিম্বাবুয়ে।
বিজ্ঞাপন
এমএমএম/
