বিজ্ঞাপন

গণ-পদত্যাগ ও ইউরো বাতিলের হুমকি, কোন পথে এগোচ্ছে ইতালির ফুটবল?

অ+
অ-
গণ-পদত্যাগ ও ইউরো বাতিলের হুমকি, কোন পথে এগোচ্ছে ইতালির ফুটবল?

নিজেদের ফুটবল ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে ইতালি। পুঁচকে দেশ বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্ব থেকে ছিটকে গেছে আজ্জুরিরা। এই শোক কাটতে না কাটতেই ইতালিয়ান ফুটবল ফেডারেশনে শুরু হয়েছে গণ-পদত্যাগ। আবার উয়েফা থেকেও এসেছে কঠোর হুঁশিয়ারি।

বিজ্ঞাপন

বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে আজ বৃহস্পতিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা জরুরি সভায় পদত্যাগের ঘোষণা দেন। ২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করা ৭২ বছর বয়সী গ্রাভিনার অধীনে ইতালি ২০২১ সালে ইউরো জিতলেও, গত দুটি বিশ্বকাপ (২০২২ ও ২০২৬) মিস করা এবং ২০২৪ ইউরোর শেষ ১৬ থেকে বিদায় নেওয়ায় সমালোচিত হয়েছেন।

এদিকে গ্রাভিনার পরপরই জাতীয় দলের ডেলিগেশন প্রধান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও তার পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

লুসিয়ানো স্প্যালেত্তির স্থলাভিষিক্ত হওয়া প্রধান কোচ জেনারো গাত্তুসোর ১০ মাসের সংক্ষিপ্ত অধ্যায়ও শেষ হতে চলেছে। বসনিয়ার কাছে হার এবং দলের ছন্নছাড়া পারফরম্যান্সের কারণে গাত্তুসোকে বরখাস্ত করা এখন সময়ের ব্যাপার মাত্র। ধারণা করা হচ্ছে, আগামী জুনের নির্বাচনের আগে ইতালিয়ান ফুটবল সম্পূর্ণ অভিভাবকহীন অবস্থায় থাকবে।

বিজ্ঞাপন

ইতালির জন্য সবচেয়ে বড় ধাক্কাটি দিয়েছেন উয়েফা আলেকজান্ডার সেফেরিন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইতালি যদি তাদের ভঙ্গুর স্টেডিয়াম ও অবকাঠামো দ্রুত সংস্কার করতে না পারে, তবে ২০৩২ সালের ইউরো আয়োজক স্বত্ব তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে।

সেফেরিনের মতে, ‘ইতালির ফুটবলের অবকাঠামো বর্তমানে ইউরোপের মধ্যে অন্যতম বাজে। এমন অবস্থা নিয়ে রাজনীতিবিদদের ভাবা উচিত।’

উয়েফার মানদণ্ড অনুযায়ী, ইতালির বর্তমান ১১টি প্রস্তাবিত ভেন্যুর মধ্যে কেবল জুভেন্টাসের অ্যালিয়াঞ্জ স্টেডিয়াম আন্তর্জাতিক মানের। সান সিরো বা নাপোলির স্টেডিয়ামগুলো সংস্কারের পরিকল্পনা থাকলেও সেগুলোর কাজ শুরু হতে অনেক দেরি। ২০২৭ সালের মার্চের মধ্যে যদি সংস্কার কাজ শুরু না হয়, তবে তুরস্কের সাথে যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে ইতালিকে।

বিজ্ঞাপন

বিদায়ী প্রেসিডেন্ট গ্রাভিনা যাওয়ার আগে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইতালিয়ান ফুটবলের সংকট অত্যন্ত গভীর। একে আমূল বদলে নতুন করে নকশা করা ছাড়া ফিরে আসার আর কোনো পথ নেই।’

এমএমএম/